মুক্তিপণ না পেয়ে শিশুহত্যা প্রতিবাদে মানববন্ধন
মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে অপহরণকারীরা গাইবান্ধায় তাসিন মিয়া (৫) নামের এক শিশুকে গলা টিপে হত্যা করেছে। বুধবার ঘটনাটি ঘটেছে, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাটে এলাকাবাসী মানববন্ধন করে। নিহত তাসিন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হচ্ছেন: খামার পীরগাছা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জাহিদ মিয়া (১৮), একই গ্রামের মজিবুর রহমানের ছেলে পাপেল মিয়া (২২) এবং পার্শ্ববর্তী সোনাইডাঙ্গা গ্রামের বিলটু মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)। ১০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে তাসিন তার মায়ের সঙ্গে পার্শ্ববর্তী খামার পীরগাছা গ্রামে নানার বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে মঙ্গলবার বেলা ১০টায় জাহিদ, রুবেল ও পাপেল তাকে ধরে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে জাহিদ মুঠোফোনে তাসিনের মা নিপা খাতুনের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না পেলে তাসিনকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন তিনি। তাসিনের মা টাকা দিতে রাজি না হলে জাহিদ ক্ষুব্ধ হয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তিনি সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমানকে বিষয়টি জানান।চেয়ারম্যান মাহবুবার রহমান বলেন, ‘মুঠোফোনের কললিস্ট থেকে জাহিদকে শনাক্ত করে রাত ১০টার দিকে তাঁকে আটক করি। জাহিদ মুক্তিপণ না পেয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে গাইবান্ধা সদর থানায় খবর দিলে পুলিশ এসে রাত তিনটার দিকে জাহিদের বাড়িসংলগ্ন একটি ডোবা থেকে তাসিনের লাশ উদ্ধার করে। জাহিদের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ ওই রাতেই পাপেল ও রুবেলকে তাঁদের বাড়ি থেকে আটক করে। পুলিশ জানায়, সুরুতহাল রিপোর্টে তাসিনকে গলা টিপে হত্যার আলামত পাওয়া গেছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, এ ঘটনায় নিহত তাসিনের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে জাহিদ, রুবেল, পাপেলসহ কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার করা আসামিদের বুধবারই জেলহাজতে পাঠানো হয়েছে।তাসিন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে তুলসীঘাট এলাকায় মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক ১৫ মিনিট অবরোধ করে রাখে। এতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, সুলতান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আযম, তুলসীঘাট রেবেকা হাবীব উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সাহাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মওলা, সম্পাদক অনিল চন্দ্র প্রমুখ বক্তব্য দেন।