মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয় শিশু আরাফাতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাফরুল থেকে অপহরণের আট দিন পর গত বুধবার বিকেলে বরিশালে নদী থেকে আট বছরের শিশু আরাফাতের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন জিজ্ঞাসাবাদে বলেছেন, মুক্তিপণের টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, ১২ ডিসেম্বর সন্ধ্যায় উত্তর কাফরুলের বাসার সামনে থেকে আরাফাতকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নাছিরউদ্দিন ও বাদল মিয়ার তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে পুলিশ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরসংলগ্ন মেঘনা নদী থেকে প্লাস্টিকের বস্তায় বন্দী আরাফাতের লাশ উদ্ধার করা হয়। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে সেদিন সন্ধ্যায় লাশ তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়।কাফরুল থানা সূত্র জানায়, আরাফাতকে কোথাও খুঁজে না পেয়ে ১২ ডিসেম্বর রাতে তাঁর বাবা ক্ষুদ্র ব্যবসায়ী লিয়াকত আলী কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৪ ডিসেম্বর লিয়াকতের মুঠোফোনে যোগাযোগ করে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ দিতে অস্বীকার করায় আরাফাতকে মেরে ফেলার হুমকি দেন অপহরণকারী নাসির। ওই দিনই এ ব্যাপারে অপহরণ মামলা গ্রহণ করে কাফরুল থানা। প্রযুক্তি খাটিয়ে কাফরুল থানার পুলিশ অপহরণকারী নাসির ও বাদলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। কাফরুল থানার আবেদনের ভিত্তিতে হিজলা থানার পুলিশ ওই এলাকা থেকে নাসির ও বাদলকে গ্রেপ্তার করে। ১৫ ডিসেম্বর তাঁদের কাফরুল থানায় পাঠানো হয়। তাঁদের বাড়ি হিজলার মহিষখালীর দড়িগঙ্গাপুরে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নাসির ও বাদল রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানান, অপহরণ করে তাঁরা শিশুটিকে নিয়ে হিজলায় যাওয়ার জন্য ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চে ওঠেন। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে ঘুমের বড়ি পানিতে গুলে তাকে খাওয়ানো হয়। দুই দিন পর তাঁরা শিশুটির সঙ্গে তার মা-বাবাকে কথা বলিয়ে দেন। শিশুটি বলছিল, ‘নাসির চাচ্চু আমাকে মারছে। আমাকে বাঁচাও।’ তাঁরা আরও জানান, মুক্তিপণ না পেয়ে তাঁরা শিশুটিকে গলা টিপে হত্যার পর লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেন।শিশু আরাফাতের মা-বাবা সাংবাদিকদের জানান, নাসির তাঁদের পূর্বপরিচিত। কয়েক মাস আগে নাসির তাঁর শ্যালকের সঙ্গে তাঁদের স্কুলপড়ুয়া একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তাঁরা প্রস্তাবটি ফিরিয়ে দিলে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দেন নাসির।তিন ভাই ও এক বোনের মধ্যে আরাফাত ছিল সবার ছোট।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, টাকার জন্য শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে রিমান্ডে অপহরণকারীরা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রথম দফা রিমান্ড শেষে নাসির ও বাদলকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।