মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার চার অপহরণকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই ব্যক্তিকে অপহরণের পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো মুক্তিপণের টাকা তুলতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছে চার অপহরণকারী। গত রোববার রাতে নগরের একটি কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে দুজনকে এবং পরে তাদের স্বীকারোক্তি নিয়ে আরও দুজনকে আটক করে র‌্যাব।গ্রেপ্তার হওয়া চারজন হলেন জনি (২৫), রাশেদ উদ্দিন (২০), আনিস (২৬) ও আবদুর রহমান (২৩)। র‌্যাব বলেছে, অপহরণের ঘটনায় জড়িত থাকা অপর তিনজন পালিয়ে গেছে।অপহরণকারীদের হাত থেকে যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন দীপক চন্দ্র দাস ও মো. আলাউদ্দিন। তাঁরা দুজনই ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। র‌্যাব-৭ জানায়, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট ভারী শিল্প এলাকার আজিজ গার্মেন্টসের সামনে থেকে অপহূত হন দীপক চন্দ্র দাস ও মো. আলাউদ্দিন। এর পরই মোট ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বাধ্য হয়ে দীপক ও আলাউদ্দিন টেলিফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। ফোন পেয়ে গত শনিবার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আগ্রাবাদ শাখা থেকে অপহরণকারীরা অপহূতদের স্বজনদের পাঠানো ৪০ হাজার টাকা তুলে নেয়। পরে তাদের দ্বিতীয় দফায় ৩৩ হাজার টাকা পাঠানো হয়। গোয়েন্দা সূত্রে এ-সংক্রান্ত তথ্য পেয়ে র‌্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. নূর-উজ-জামানের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে। র‌্যাব সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ১০টায় নগরের কোতোয়ালি থানাধীন এসএ পরিবহনের কাজীর দেউড়ি শাখায় অবস্থান নেয় র‌্যাব। সেখান থেকে ৩৩ হাজার টাকা উত্তোলন করেন জনি ও রাশেদ। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে আনিস ও আবদুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে একই এলাকা থেকে অপহূত দুজনকে উদ্ধার করা হয়।