মুক্তিপণ নিতে এসে জলদস্যুর তথ্যদাতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় জলদস্যু বাহিনীর এক তথ্যদাতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জেলেরা। গতকাল মঙ্গলবার তাঁকে উপজেলার তালতলা এলাকা থেকে আটক করা হয়। তাঁর নাম কবির হোসেন (৩৫)। তিনি উপজেলার বড় টেংরা গ্রামের ছালাম বয়াতির ছেলে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জলদস্যু জিরো বাহিনীর সদস্যরা কয়েক দিন আগে পাথরঘাটার আলমগীর মাঝি ও আইউব আলীসহ আটজন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। ওই অপহরণের ঘটনার সময় কবির হোসেন জিরো বাহিনীর সদস্যদের সঙ্গে ছিলেন।
আবুল কালামসহ কয়েকজন জেলে অভিযোগ করেন, মুক্তিপণের টাকা আদায় করতে কবির এখানে এসেছিলেন। তবে কবির হোসেন মুক্তিপণের টাকা নিতে আসার কথা অস্বীকার করেছেন।
পাথরঘাটা থানার ওসি নূরুল হক বলেন, জলদস্যুর তথ্যদাতা সন্দেহে এক ব্যক্তিকে মারধর করে থানায় সোপর্দ করেছেন জেলেরা। তিনি পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন।