মুক্তিপণ নিতে এসে দালাল আটক
বরিশালের তিন ব্যক্তিকে থাইল্যান্ডে জিম্মি করে মুক্তিপণ আদায় করার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ইমান হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ইমান টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদীর চরপাড়ার বাসিন্দা মো. মারুফ, আবদুল্লাহ ও ফিরোজ মিয়াকে একটি চক্র বিনা টাকায় মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে সমুদ্রপথে অবৈধভাবে ট্রলারে করে থাইল্যান্ডে নিয়ে যায়। এরপর ওই তিনজনকে থাইল্যান্ডে আটকে রেখে ইমান হোসেনের মাধ্যমে জনপ্রতি দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরই সূত্র ধরে চলতি বছরের ৪ এপ্রিল গৌরনদী থানায় মারুফের মা নাছিমা বেগম বাদী হয়ে ইমান হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ থানার সহায়তায় গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সরওয়ারের নেতৃত্বে পুলিশ ফাঁদ পাতে। তাঁরা মুঠোফোনে ইমান হোসেনকে টাকা নিতে আসতে বলেন। টেকনাফ পৌরসভার বাস স্টেশন এলাকায় ইমান হোসেন আসার পর তাঁকে মুঠোফোনসহ আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ কুমার বড়ুয়া বলেন, গৌরনদী থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।