মুক্তিপণ নিতে এসে দুই অপহরণকারী গ্রেপ্তার, শিশু উদ্ধার
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সামনে থেকে দুদিন আগে অপহূত শিশু ইয়াসির আরাফাতকে (১২) আজ রোববার উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে মুক্তিপণের টাকা নিতে আসা দুই অপহরণকারীকে।
র্যাব বলেছে, রাজধানীর গ্রিনরোড চৌরাস্তার সামনে থেকে আরাফাতকে দুপুরে র্যাব-২-এর একটি গোয়েন্দা দল উদ্ধার করে।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন মো. সুজন (১৯) ও রাসেল সরকার (২০)।
সন্ধ্যায় আগারগাঁওয়ে র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল কে এম আজাদ সংবাদ ব্রিফিংয়ে জানান, অপহরণকারীরা গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আরাফাতকে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে থেকে অপহরণ করে। আরাফাত সেদিন বসুন্ধরা শপিং মলে তার বাবার ব্যবসাপ্রতিষ্ঠান পুলক ফ্যাশনে এসেছিল। এ সময় খেলার কথা বলে আরাফাতকে অপহরণ করেন সুজন।
এরপর অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে আরাফাতের বাবা কামরুল ইসলামের কাছে ৩০ লাখ টাকা দাবি করেন। র্যাবকে বিষয়টি কামরুল ইসলাম অবহিত করেন এবং অপহরণকারীদের কথামতো আজ গ্রিনরোডে তিনি টাকা নিয়ে যান। আরাফাতকে সঙ্গে নিয়ে সুজন ও রাসেল টাকা নিতে আসেন। এ সময় ওত পেতে থাকা র্যাবের সদস্যরা তাঁদের আটক করেন।
কে এম আজাদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত আরও চারজন পলাতক। তিনি বলেন, এর মূল হোতা আরাফাতের বাবা কামরুল ইসলামের দোকানের সাবেক কর্মচারী মামুন হোসেন তালুকদার।
কামরুল ইসলাম জানান, দোকানে অনিয়মিত থাকার কারণে মাস খানেক আগে মামুনকে চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করেন মামুন। সুজনকে দিয়ে মামুনই তাঁর ছেলেকে অপহরণ করান।