টেলিটকের পাঁচ কর্মীর মুক্তিপণের বিষয় নিয়ে সরাসরি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চায় অপহরণকারীরা। টেলিটকের কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজির একজন প্রতিনিধিকে মুঠোফোনে তারা বিষয়টি জানিয়েছে। তবে টেলিটক কর্তৃপক্ষ অপহরণকারীদের প্রস্তাব নাকচ করে দিয়েছে। ফলে অপহরণকারীদের সঙ্গে সমঝোতার পথ আপাতত বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ছয় দিন পেরিয়ে গেলেও কাউকে উদ্ধার করতে না পারায় অপহূত ব্যক্তিদের পরিবারে বাড়ছে হতাশা।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা থেকে গত সোমবার রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের পাঁচ কর্মীকে অপহরণ করা হয়। অপহূত কর্মীরা হলেন টেলিটকের প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. হেমায়াত হোসেন ও মো. ইমরুল হোসেন, সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান। দুর্বৃত্তরা তাঁদের মুক্তির বিনিময়ে ৪০ লাখ টাকা দাবি করে। অপহরণকারীরা পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে। বি-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহামঞ্চদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের সঙ্গে বৈঠকে অপহরণকারীরা ৪০ লাখ থেকে এক লাফে বাড়িয়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। এ কারণে বৈঠক ভেস্তে যায়। এরপর অপহরণকারীরা মুক্তিপণ নিয়ে টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে। তাদের একজন মুঠোফোনে বিষয়টি আমাদের জানিয়েছে। আমি বিষয়টি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমানকে জানিয়েছি। তবে তিনি এ প্রস্তাব নাকচ করে দেন।’ মোহামঞ্চদ ইউসুফ বলেন, ‘টেলিটক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। অপহরণকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। তাই হয়তো টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক অপহরণকারীদের সঙ্গে বসতে রাজি হচ্ছেন না।’ গতকাল রোববার কয়েক দফা মুঠোফোনে যোগাযোগ করা হলেও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান ফোন ধরেননি। খাগড়াছড়িতে টেলিটক কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। অপহূত ব্যক্তিদের উদ্ধারে গতকাল সেনাবাহিনীর আরও দুটি দলকে মাঠে নামানো হয়েছে। কিন্তু কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। সেনাবাহিনীর বাঘাইহাট অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মো. কবির হোসেন বলেন, ‘টেলিটকের পাঁচ কর্মীকে উদ্ধারে আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমার আরও দুটি সেনা দলকে তল্লাশি অভিযানে নামানো হয়েছে।’এদিকে ছয় দিন পরও উদ্ধার না হওয়ায় অপহূত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁরা প্রিয়জনকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কাছেও ধরনা দিচ্ছেন। অপহূত হেমায়েত হোসেনের বাবা মো. রেজাউল মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে খুঁজে বের করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি। যেখানে কাজ করত তাঁরাও কিছু বলতে পারছেন না। রোজার দিনে আমার ছেলে কেমন আছে, কী খাচ্ছে—কিছুই জানতে পারছি না। শুধু বলা হচ্ছে, মুক্তিপণ ছাড়া ছেড়ে দেওয়া হবে না। মুক্তিপণ দেওয়ার সামর্থ্য কি আমাদের আছে?’রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা ছাড়া অপহূত ব্যক্তিদের উদ্ধার সম্ভব নয়। তবে সেনা অভিযান চলছে। পাশাপাশি আমরা বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করে অপহূত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছি।’