মুক্তিপণের জন্য শিক্ষক অপহরণ করলেন ছাত্রীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা থেকে গত শুক্রবার অপহরণকারীসহ অপহূত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আগের দিন বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে নগরের খুলশী এলাকা থেকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারী। ওই অপহরণকারী ব্যক্তি পুলিশকে জানান, পুঁজিবাজারে তিন লাখ টাকা বিনিয়োগ করে ক্ষতির শিকার হয়ে তিনি এ পথে নেমেছেন। পুলিশ সূত্র জানায়, অপহূত শিশুর নাম নাঈমা কাউছার (৮)। সে চট্টগ্রাম নগরের খুলশীর গ্লোবাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। আর অপহরণকারী আবদুল মজিদ (২৩) চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবিরের সহসভাপতি ছিলেন। দুই বছর ধরে তিনি বাসায় গিয়ে নাঈমাকে পড়াতেন। প্রায় তিন সপ্তাহ আগে তাঁকে বাদ দিয়ে অন্য শিক্ষক নেওয়া হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ খুলশীর গ্লোবাল স্কুল থেকে বাসায় ফেরার পথে মজিদ শিশু নাঈমাকে নিয়ে পালিয়ে যায়। এরপর নাঈমার মায়ের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মজিদ। পরে আমরা ফাঁদে ফেলে মজিদকে গ্রেপ্তার ও নাঈমাকে উদ্ধার করি। এর আগে কুতুবদিয়ার নৌঘাটগুলোয় পুলিশি পাহারা জোরদারের ব্যবস্থা করি।’ শিশু নাঈমা প্রথম আলোকে বলে, ‘বেড়ানোর কথা বলে মজিদ স্যার আমাকে নিয়ে যান।’ মজিদ দাবি করেন, ‘শয়তান আমার ওপর ভর করেছিল। তাই নাঈমাকে কুতুবদিয়ার বাড়িতে নিয়ে যাই। পরে অপহরণের কথা বলে তার মায়ের কাছে খুদে বার্তা পাঠিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করি। কারণ, পুঁজিবাজারে তিন লাখ টাকা বিনিয়োগ করে লোকসানের শিকার হয়েছি। তাই ক্ষতি পুষিয়ে নিতে এ পথ ধরেছি।’ আগ্রাবাদের একটি ব্রোকারেজ হাউসে তাঁর বিও অ্যাকাউন্ট আছে বলে তিনি দাবি করেন। জানা গেছে, নাঈমার বাবা মোহাম্মদ কাউছার সৌদি আরবে প্রবাসী। খুলশীর অভিজাত এলাকায় তাঁর একটি ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটে দুই শিশুসন্তানসহ তাঁর স্ত্রী বসবাস করেন।