মুক্তিপণের জন্য শিক্ষকের হাতে ছাত্র খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাটিকাটা এলাকায় বস্তাবন্দী অজ্ঞাতনামা একটি ছেলের লাশ উদ্ধার করেছিল পুলিশ। এক সপ্তাহ পর সেই লাশের পরিচয় পাওয়া গেছে। হতভাগ্য ছেলেটির নাম সজল চন্দ্র মজুমদার (১৪)। পুলিশের দাবি, সজলকে আটকে রেখে মুক্তিপণের টাকা আদায়ের জন্য হত্যা করেছিল তারই শিক্ষক সবুজ।

সজল উত্তর কাফরুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা শ্যামল চন্দ্র মজুমদার নরসুন্দরের কাজ করেন দক্ষিণ কাফরুল এলাকায়।

সুজনকে হত্যার অভিযোগে শিক্ষক সবুজ ও তাঁর বান্ধবী বীথিকে গতকাল বুধবার আটক করেছে কাফরুল থানার পুলিশ। সবুজ নিজেকে আপন চৌধুরী নামে পরিচয় দিয়ে শিক্ষকতা করতেন।

তবে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, সজলকে হত্যার সঙ্গে আরও অনেকে জড়িত। তাদের আটক করার চেষ্টা চলছে।

সজলের মা শিশু বালা প্রথম আলো ডটকমকে জানান, গত ২৮ আগস্ট বিকেলে দক্ষিণ কাফরুলের ১১৬৮ নম্বর বাসা থেকে বের হওয়ার পর সজল নিখোঁজ হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, নিখোঁজ সজলের সন্ধানে গত ২৮ আগস্ট রাতে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা শ্যামল। সেদিন রাতে মুঠোফোনে এক ব্যক্তি ছেলের মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা দাবি করলে শ্যামল পরদিন ২৯ আগস্ট একটি অপহরণের মামলা করেন।

যেভাবে হত্যা করা হয় সজলকে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সবুজ স্বীকার করেছেন, ২৮ আগস্ট রাতেই সজলকে তার ১০২২ ইব্রাহিমপুরের কোচিং সেন্টারে হত্যা করেন তিনি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে সবুজের গ্রামের বাড়ি। প্রতিবন্ধী বাবা ও অসুস্থ মায়ের চিকিত্সার টাকা জোগাড় করতে সবুজ এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে সবুজ পুলিশকে আরও জানান, সন্ধ্যার দিকে সজলের সঙ্গে সবুজের দেখা হয়। কোচিং সেন্টারে আসার পর সজল খাওয়ার পানি চায়। তখনই সজলকে অপহরণের চিন্তা আসে তাঁর। এ সময় বাইরে থেকে জুস কিনে পাঁচটি ঘুমের ওষুধ মিশিয়ে তা খেতে দেন সজলকে। জুস পান করে সজল ঘুমিয়ে পড়ে। এর মধ্যে মুক্তিপণের টাকা চেয়ে সজলের বাবাকে ফোন করেন সবুজ। রাতে ঘুম না ভাঙলেও সজলকে বালিশচাপা দিয়ে হত্যা করেন তিনি। পরদিন ভোররাতে বস্তায় ভরে সজলের লাশ মাটিকাটা এলাকায় ফেলে আসেন শিক্ষক সবুজ।

হত্যার পরও পরিচয় গোপন করে সজলের বাবার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন সবুজ। কাফরুল থানায় বসে সজলের বাবা শ্যামল মুঠোফোনে ছেলের সঙ্গে কথা বলতে চাইলে আরেকজনকে দিয়ে কথা বলানো হয়।

ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘আমরা সে সময় সজলের বাবার কাছে জিজ্ঞেস করেছিলাম, এটি তাঁর ছেলের কণ্ঠ কি না। কিন্তু শ্যামল তাঁকে নিশ্চিত করেন যে, এটি সজলের কণ্ঠ।’

পরে মুঠোফোন ট্র্যাক করে পুলিশ নিশ্চিত হয় সজলকে অপহরণ করেছে তার শিক্ষক সবুজ। ফেনীতে তাঁর অবস্থান নিশ্চিত হলেও বান্ধবী বীথিকে দিয়ে কৌশলে ঢাকায় এনে সবুজকে আটক করা হয়। আটকের পরই সবুজ স্বীকার করেন তিনি সজলকে হত্যা করেছেন।

কাফরুল থানায় আটক বীথি প্রথম আলো ডটকমকে জানান, তিন বছর আগে জামাল নামের একজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে সবুজের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। ব্যবসার জন্য সবুজকে প্রায় দুই লাখ টাকা দিয়েছিলেন বীথি। টাকা চাইতে গেলে তাঁকেও নানাভাবে ভয় দেখাতেন সবুজ।

বীথি দাবি করেন, সবুজের সঙ্গে সম্পর্ক থাকলেও সজল হত্যার সঙ্গে তিনি জড়িত নন।  

সজলের মা শিশু বালা জানান, প্রতিবেশী শাহীনূর সবুজের কোচিং সেন্টারে সজলকে ভর্তি করান। শাহীনূর সম্পর্কে বীথির চাচিশাশুড়ি। শাহীনূর ও বীথির পরিবার একই সঙ্গে তাঁদের পাশের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন। শাহীনূরের ছেলেই ২৮ আগস্ট সজলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

সজলের মা শিশু বালা আরও জানান, তাঁরা কখনো শিক্ষক সবুজকে দেখেননি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আট দিন অজ্ঞাত লাশ হিসেবে থাকার পর আজ দুপুরে সজলের লাশটি কাফরুলের বাসায় আনা হয়।