মুক্তিপণ আদায়ের জন্য বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সশস্ত্র জলদস্যুরা ১৬টি মাছ ধরার ট্রলারসহ ৬৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে খুলনার সুন্দরবন এলাকায়। সেখান থেকে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। এ নিয়ে জেলেপল্লিতে আতঙ্ক বিরাজ করছে।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, গত দুই দিনে সাগরের কুতুবদিয়া ও মহেশখালী উপকূল থেকে সংঘবদ্ধ জলদস্যুরা ১৬টি ট্রলারে করে ৬৭ জেলেকে অপহরণ করেছে। অপহূত জেলেদের মাথাপিছু পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। অপহূত জেলেদের উদ্ধারের ব্যাপারে গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ভোরে সাগরের সোনাদিয়া চ্যানেলে দস্যুরা গুলি চালিয়ে এফবি নাহার নামের ট্রলারের ২০ জেলেকে জিম্মি করে। এরপর ট্রলারের ১৬ জেলেকে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করে এবং অপর চার জেলেসহ ট্রলারটি লুট করে দস্যুরা।
ট্রলারের মালিক শহরের টেকপাড়ার শওকতুল ইসলাম বলেন, অন্য একটি মাছ ধরার ট্রলার সাগর থেকে ট্রলারের ১৬ জেলেকে উদ্ধার করে কূলে নিয়ে আসে। অপহূত চার জেলেসহ ট্রলারটি ফেরত আনতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।
একইভাবে জলদস্যুরা গত দুই দিনে শহরের আবু সুলতানের একটি, নাজমুল হুদার তিনটি, আবু তাহেরের একটি, ফজর রহমানের একটি, মহেশখালীর মো. খোকনের একটি, খুরুশকুলের বদরুজ্জামানের একটিসহ ১৬ ট্রলার লুট করা হয়। দস্যুদের গুলিতে আহত এফবি নাহারের জেলে ও খুরুশকুলের বাসিন্দা হাফেজ উল্লাহ বলেন, মুখোশধারী দস্যুরা ট্রলারে উঠে প্রথমে জেলেদের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। তারপর প্রতি ট্রলার থেকে তিন-চারজন করে জেলেকে রেখে অন্য জেলেদের সাগরে নিক্ষেপ করে। অস্ত্রশস্ত্র থাকায় দস্যুদের প্রতিরোধও করা যাচ্ছে না। কয়েকজন ট্রলারমালিক বলেন, বিভিন্ন মুঠোফোন থেকে তাঁদের মুক্তিপণের টাকা নিয়ে খুলনায় যেতে বলা হচ্ছে। অন্যথায় অপহূত জেলেদের হত্যার হুমকি দিচ্ছে তারা। বাগেরহাট এলাকার জনৈক ইদ্রিস আলী মুক্তিপণের টাকা হাতিয়ে নিচ্ছেন। তাঁর নেতৃত্বে সাগরে দস্যুতা চলছে। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করা আড়াই শতাধিক জেলেকে অন্যান্য ট্রলার উদ্ধার করলেও গতকাল পর্যন্ত আট জেলে নিখোঁজ রয়েছেন।
পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, অপহূত জেলেদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।