মুক্তিপণের টাকা গ্রহণের সময় দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণের টাকা বিকাশের এক এজেন্ট থেকে নেওয়ার সময় দুজনকে আটক করা হয়েছে৷ গত শুক্রবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা থেকে পুলিশ তাঁদের আটক করে৷
আটক ব্যক্তিরা হচ্ছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার টিপরা সাতভারুকা গ্রামের মো. রাজু রায়হান ও অপু হায়দার৷ অপু হায়দার নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ সম্পর্কে তারা চাচাতো ভাই৷
পিরোজপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে জানা গেছে, জেলার রাজারহাট উপজেলার বাসিন্দা মো. দুলালের ছেলে মো. হৃদয় ঋদ্ধিকে গত শুক্রবার দুর্বৃত্তরা অপহরণ করে৷ অপহরণের কিছুক্ষণ পর দুলালের পরিবারের সদস্যদের কাছে বিকাশ এজেন্টের একটি নম্বর দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়৷ দুলাল ঘটনাটি এসপিকে জানান৷
এসপি মো. আক্তারুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর তাঁরা খোঁজ নিয়ে বিকাশ এজেন্টের ওই নম্বরটির অবস্থান নান্দাইলে বলে জানতে পারেন৷ এ তথ্যটি নান্দাইল থানাকে জানিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এসপি৷
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, তিনি তথ্য পেয়ে শুক্রবার রাতে নান্দাইল চৌরাস্তা এলাকার হাজী পেট্রোল পাম্পের কাছে অবস্থিত তৃপ্তি টেলিকমে গিয়ে দেখতে পান ওই দুই তরুণ মুক্তিপণের টাকা গ্রহণ করতে এসেছে৷ পরে সেখান থেকে তাদের আটক করা হয়৷
তৃপ্তি টেলিকমের ব্যবস্থাপক মো. আবু তালেব বলেন, ওই দিন রাত সাড়ে আটটার দিকে দুই তরুণ তাঁর দোকানে এসে একটি গোপন নম্বর (পাসওয়ার্ড) দিয়ে টাকা এসেছে বলে জানায়৷ তাঁর নম্বরে টাকা আসার খুদে বার্তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়৷ এ সময় পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়৷
পুলিশ হেফাজতে থাকা রাজু রায়হান এ প্রতিবেদককে বলেন, পিরোজপুরের মো. মিরাজ নামের তাঁর এক বন্ধু তাঁকে দুই লাখ টাকা গ্রহণের জন্য বিকাশের কোনো এজেন্টের নম্বর দিতে বলেন৷ পরে তিনি নান্দাইলের ওই এজেন্টের নম্বরটি দেন৷ পরে তাঁর এক বন্ধুকে নিয়ে ওই এজেন্টের দোকান থেকে টাকা তোলার জন্য যান৷ ওই টাকা তাঁর বন্ধু মিরাজ ঢাকা থেকে গ্রহণ করবেন বলে কথা ছিল৷ পিরোজপুরে পুলিশ মিরাজকে আটক করার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত হৃদয় ঋদ্ধিকে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেছে বলে সেখানকার পুলিশ সূত্রে জানা গেছে৷