মুক্তিপণের টাকা নিতে এসে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যক্তিকে অপহরণের পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মুক্তিপণের টাকা নিতে গেলে গত রোববার বিকেলে পাবনা শহর থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।আটক ব্যক্তিরা হলেন: পাবনার সাঁথিয়া উপজেলার ছাতক বরাট গ্রামের সিয়াম হোসেন (২৫) ও সোহাগ হোসেন (২৪)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে রফিকুল আলম (৩০) নামের এক ব্যক্তিকে অপহরণ করে পাবনায় নিয়ে আসেন। পরে মুঠোফোনে অপহূতের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে ৮০ হাজার টাকায় রফা হয়। অপহরণকারীরা টাকাগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস পাবনা শাখায় পাঠাতে বলেন। এ সময় অপহূত ব্যক্তির পরিবারের সদস্যরা বিষয়টি মেহেরপুর থানা পুলিশকে জানান। মেহেরপুর থানা পাবনা পুলিশের গোয়েন্দা বিভাগকে জানালে পুলিশ কুরিয়ার সার্ভিসে ওঁৎ পেতে থাকে। এদিকে ওই দুই ব্যক্তি টাকা নিতে কুরিয়ার সার্ভিস কার্যালয়ে এলে বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের আটক করা হয়।গোয়েন্দা বিভাগের এএসআই ইয়াসিন আরাফাত বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহূত ব্যক্তির সন্ধান দেন। সন্ধ্যায় তাঁকে সাঁথিয়ার ছাতক বরাট গ্রাম থেকে উদ্ধার করা হয়। পরে তিনজনকেই মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।