মুক্তিপণের টাকাসহ টঙ্গী থেকে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের নগরকোন্ডা এলাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলাম অপহরণের মূল পরিকল্পনাকারী তরিকুল ইসলাম ওরফে তসবিকে (৩৪) গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে গত বুধবার গভীর রাতে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে মুক্তিপণের আট লাখ পাঁচ হাজার টাকাও উদ্ধার করা হয়।
এর আগে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন শফিকুল ইসলাম ওরফে এম শফি, শাহানাজ বেগম, ফারুক মল্লিক, আনোয়ার জাহিদ ও শরীফ খান ওরফে বাবু। এঁদের মধ্যে শফি ও আনোয়ার জাহিদ ৩ ফেব্রুয়ারি ঢাকার বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেপ্তার হওয়ার পর পুলিশি হেফাজতে তরিকুল ইসলাম বলেন, তিনি যশোর সদর উপজেলার ঢাকা সড়কের উপশহরপাড়ার শরিফুল ইসলামের ছেলে। বছর দুয়েক আগে তাঁর সঙ্গে পরিচয় হয় নাট্যশিল্পী দিনাজপুরের শফিকুল ইসলাম ওরফে এম শফি এবং তাঁর সহযোগী নগরকোন্ডার আনোয়ার জাহিদের। শফি দুই বছরেরও বেশি সময় শফিকুল ইসলামদের (অপহূত) বাসায় ভাড়া থেকেছেন। এই পরিচয়ের সূত্র ধরে মাস পাঁচেক আগে তিনি ওই বাসা (অপহূত শফিকুল ইসলাম) ভাড়া নেন। এর দুই মাস আগে শফি ওই বাসা ছেড়ে অন্যত্র চলে যান।
তরিকুল ইসলাম বলেন, বাসা ভাড়া নেওয়ার পর তিনি সাইফুল ইসলামের বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে শফিকুল ইসলামকে অপহরণের পরিকল্পনা করেন। এ কাজে তাঁকে সাহস জোগান শফি ও আনোয়ার জাহিদ। পরিকল্পনা অনুযায়ী তিনি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাভারের জয়নাবাড়ী ব্যাপারীপাড়া এলাকার জনৈক এজাজ হানিফের বাসার নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। এরপর চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ১৯ জানুয়ারি শফিকুলকে জয়নাবাড়ী নিয়ে তাঁর বাসার একটি কক্ষে কফিনের ভেতরে আটকে রেখে তাঁর স্বজনদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় রফা করে ২৩ জানুয়ারি টাকা পাওয়ার পর মুঠোফোনে শফিকের অবস্থান বলে দেন তিনি। শরীফ খান ওরফে বাবু ঢাকার উত্তরা থেকে সাইফুল ইসলামের কাছ থেকে পণের ২০ লাখ টাকা গ্রহণ করেন। এর পর ওই দিনই এজাজ হানিফের বাসা থেকে উদ্ধার হন শফিক।