মুক্তিপণের টাকাসহ ‘অপহরণকারী’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার অভিযোগে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, তাঁর কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ১০ জুন ক্ষুদ্র ব্যবসায়ী জামাল হোসেন অপহূত হন। অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ চায়। গত বুধবার জামালের পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন। মুক্তি পাওয়ার পর গত বৃহস্পতিবার জামালের বড় ভাই আবদুল করিম স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন, ইয়াছিন, মানিক ও মুক্তার নামের চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেছেন, আলমগীরকে গ্রেপ্তার করার পর তিনি অপরাধ স্বীকার করেছেন।