মুক্তিপণের টাকায় দান-খয়রাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ আদায় করে ভালো পরিচিতি পাওয়ার জন্য মসজিদ-মাদ্রাসায় দান করেছেন এক অপহরণকারী। টানা গত দুই দিন নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করলে পুলিশি জিজ্ঞসাবাদে বেরিয়ে আসে এ তথ্য।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আবদুর রহিম, মহসিন উদ্দিন, শহিদুল্লাহ, হামিদ হাসান ও দিদারুল আলম। ঘটনার মূল পরিকল্পনাকারী নুর উদ্দিন পলাতক রয়েছেন।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘বিদেশফেরত এক ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ আদায় করেন অপহরণকারীরা। পরে ওই টাকা দিয়ে দলের মূল পরিকল্পনাকারী নিজ গ্রামে পরিচিতি পাওয়ার জন্য মসজিদ-মাদ্রাসায় দান-খয়রাতও করেন। কেউ করেছেন শাশুড়ির চিকিৎসা, কেউ করেছেন ব্যবসা-বাণিজ্য।’ বাবুল আক্তার আরও জানান, নগরের হিলভিউ আবাসিক এলাকার দুবাইফেরত ব্যবসায়ী আবু আহমেঞ্চদকে গত বছরের ৩ আগস্ট তাঁর বাসার সামনে থেকে সাত-আটজন অপরিচিত লোক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যান। একপর্যায়ে তাঁকে মাইক্রোবাস থেকে নামিয়ে প্রায় এক কিলোমিটার হাঁটিয়ে পাহাড়ে চোখ বেঁধে আটকে রেখে তাঁর কাছে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় তাঁকে মেরে ফেলার হুমকি দিলে ভিকটিম আবু আহমেঞ্চদ তাঁর নিজের মুঠোফোন দিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করে এক কোটি টাকা দেন। অপহরণকারীরা ভিকটিমের চাচাতো ভাই নেজামের কাছ থেকে রাউজান এরশাদ শাহ মাজারের কাছে থেকে টাকা গ্রহণ করেন। পরদিন ওই ব্যবসায়ীকে ছেড়ে দেন অপহরণকারীরা। পরে নগরের পাঁচলাইশ থানায় একটি মামলা করেন আবু আহাম্মদ। নগর গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে অপহরণের চাঞ্চল্যকর এসব তথ্য।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা স্বীকার করেন, অপহূত ব্যবসায়ীর আত্মীয় মহসিনের মুঠোফোনের দোকানে বসে ঘটনার পরিকল্পনা হয়। এ জন্য মহসিন নগদ তিন লাখ ও চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকা গ্রহণ করেন। তাঁর কাছ থেকে টাকা নেওয়া চেকের কপিও উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া অপহরণকারী দলের সদস্য রিয়াজের কাছ থেকেও এক লাখ ২০ হাজার টাকা নেওয়ার চেক উদ্ধার করা হয়। বাবুল আক্তার বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. হামিদ হাসান তিন লাখ টাকা পেয়েছেন। তিনি ওই টাকা দিয়ে তাঁর শাশুড়ির চিকিৎসা করিয়েছেন। মো. শহিদুল্লাহ ও দিদার নগদ তিন লাখ টাকা করে পেয়েছেন। ওই টাকায় তাঁরা ব্যবসাসহ বিভিন্ন দেনা পরিশোধ করেন বলে জানান।
গোয়েন্দা পুলিশ জানায়, ঘটনার পরিকল্পনাকারী নূর উদ্দিন ঘটনার পর ইস্টার্ন ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে দেখা যায়, ঘটনার পর ওই অ্যাকাউন্টে তিনি বিভিন্ন সময় টাকা জমা দিয়েছেন। তবে জমাকৃত টাকা কখনো একসঙ্গে আট লাখ টাকার বেশি নয়। ১০ লাখ টাকার বেশি লেনদেন হলে বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক হিসাব বিবেচনা করে। ঢাকায় অভিযান চালিয়ে নূর উদ্দিনকে আটক করা যায়নি। জানা যায়, বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। এলাকায় ভালো হিসেবে পরিচিতি পাওয়ার জন্য তিনি সম্প্রতি বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দান-খয়রাত করে আসছেন।