মুক্তিপণের দাবিতে কলেজছাত্রকে অপহরণ পরে উদ্ধার
রাজশাহীতে মুক্তিপণের দাবিতে গত রোববার এক কলেজছাত্রকে অপহরণ করা হয়। এ ঘটনার আট ঘণ্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম নাজমুল ইসলাম (২৪)। তাঁর বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। তিনি রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গত রোববার গভীর রাতে নগরের বর্ণালী এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার শফিকুল আলমকে গ্রেপ্তার করে।বোয়ালিয়া থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেল চারটার দিকে নগরের সদর হাসপাতাল মোড় থেকে ধারালো অস্ত্র ঠেকিয়ে কয়েকজন দুর্বৃত্ত নাজমুলকে অপহরণ করে নিয়ে যায়। বিকেলে তারা তাঁর পরিবারের কাছে মুঠোফোনে ৩২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। নাজমুলের পরিবার বিষয়টি রাজশাহী কলেজ কর্তৃপক্ষকে জানায়। রাতে এ ঘটনায় কলেজের অধ্যক্ষ আলী রেজা মোহাম্মদ আবদুল মজিদ বোয়ালিয়া থানায় মামলা করেন। পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানতে পারে অপহরণকারীরা নগরের বর্ণালী এলাকার একটি বাসায় অবস্থান করছে। পরে তারা সেই বাসায় অভিযান চালিয়ে নাজমুলকে উদ্ধার করে এবং শফিকুল আলমকে আটক করে।