মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ, চলছে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সহযোগী গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুন্দরবনে তৎপর একটি বনদস্যু বাহিনী অপহূত জেলের ওপর নির্যাতন চালিয়ে মুঠোফোনে তাঁর আর্তনাদ শোনাচ্ছে স্বজনদের। এ ছাড়া ১৫ দিনের মধ্যে দেড় লাখ টাকা মুক্তিপণ না দিলে ওই জেলেকে হত্যা করে তাঁর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মুঠোফোনে হুমকিও দেওয়া হচ্ছে।অপহূতের পরিবার সূত্রে জানা যায়, ২২ জুন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বয়ারশিংসংলগ্ন দাড়গাং এলাকা থেকে ইলিয়াস-শহিদুল বাহিনীর পরিচয়ে একদল বনদস্যু শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মিজানুর রহমান (৩২) নামের এক জেলেকে অপহরণ করে। এ সময় একই নৌকায় থাকা তাঁর ছোট ভাই মহসিন হোসেনকে ছেড়ে দিয়ে মুক্তিপণ বাবদ ৩০ হাজার টাকা তিন দিনের মধ্যে নির্দিষ্ট একটি মুঠোফোনের নম্বর ব্যবহারকারীর হাতে পৌঁছে দিতে বলে। মহসিন হোসেন জানান, ২৫ জুন দুপুরে তিনি ও তাঁর আরেক ভাই মাহফুজুল হক সুন্দরবনসংলগ্ন বিজি কলেজ মাঠে ওই মুঠোফোন নম্বরধারী বুড়িগোয়ালিনী গ্রামের মহররম গাজী নামের এক যুবকের হাতে মুক্তিপণের টাকা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখান থেকে মহররম গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে মুক্তিপণের ১২ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির তৈমুর ইলি জানান, ওই ঘটনায় মহররম ও তাঁর এক ভাই জামান, সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর প্রধান রাজু, ইলিয়াস ও শহীদুলসহ সাতজনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত পাঁচজনের নামে শ্যামনগর থানায় মামলা করেন উপপরিদর্শক লুৎফর। মহসিন হোসেন ও মাহফুজুল হক জানান, সহযোগীকে আটক ও অন্যদের বিরুদ্ধে পুলিশ মামলা করার পর থেকে বনদস্যুরা তাঁদের ভাইয়ের (মিজানুর) ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে। আগে অল্প টাকা দাবি করলেও এখন দেড় লাখ টাকা দাবি করছে। মামলার তদবিরসহ তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে আগামী ১৫ দিনের মধ্যে (১২ জুন) দাবিকৃত টাকা পৌঁছে না দিলে মিজানুরকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেবে বলে মুঠোফোনে হুমকি দিচ্ছে। অপহরণকারীরা তাঁর ভাইকে মারধর করছে আর তাঁর মুখের কাছে মুঠোফোন নিয়ে আর্তনাদ তাদের শোনাচ্ছে। শ্যামনগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্চয় কুমার কুণ্ডু জানান, মিজানুর রহমানকে নির্যাতন করে মুঠোফোনে আর্তনাদ শোনাচ্ছে এ ধরনের কোনো অভিযোগ কেউ তাঁর কাছে করেনি। গ্রেপ্তার মহররম গাজীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।