মুক্তিপণের দাবিতে দুই স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহূত শাকিন, নিহত জাহিদুল
অপহূত শাকিন, নিহত জাহিদুল

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও কুড়িগ্রামে মুক্তিপণের দাবিতে দুই স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া সোনারগাঁয়ে নিখোঁজ রয়েছে আরও দুই স্কুলশিক্ষার্থী।
গতকাল বুধবার সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকা থেকে স্কুলছাত্র জাহিদুল ইসলামের (১৩) বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। জাহিদুলকে জবাই করে হত্যা করা হয়েছে। কুড়িগ্রামে খুন হওয়া স্কুলছাত্রের নাম সাদ মো. রায়হান বিপ্লব (১৩)। লালমনিরহাট সদর উপজেলার চর কুড়ুল থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যার পর সাদের লাশ চরের বালুর নিচে পুঁতে রাখা হয়েছিল।
নিহত জাহিদুল সোনারগাঁর সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামের ব্যবসায়ী রহমত আলীর ছেলে। সে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ত। নিখোঁজ শাকিন আলমও (৮) একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র এবং পুরান কাঁচপুর গ্রামের ব্যবসায়ী শামসুল আলমের ছেলে। শামসুল আলমের বাড়ির ভাড়াটে রহমত আলী। তাঁদের স্থায়ী ঠিকানা ১৫ কিলোমিটার দূরে সনমান্দি গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুল ও শাকিন প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকালেও একসঙ্গে স্কুলে যায়। কিন্তু স্কুল শেষে তারা আর বাড়ি ফেরেনি। পরে অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় রাতেই দুই ছাত্রের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
শাকিনের মা সুমি বেগম জানান, এদিন রাত আটটায় একটি মুঠোফোন থেকে তাঁর কাছে কল আসে। অপহরণকারীরা ফোনে জানায়, দুই ছাত্র তাদের হেফাজতে রয়েছে। তাদের ফিরে পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অপহরণকারীদের চাহিদামতো টাকা জোগাড় করে ওই মুঠোফোন নম্বরে কল করা হয়। কিন্তু তখন অপহরণকারীরা জানায়, এ ঘটনা পুলিশকে জানানোয় দুই ছাত্রকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। পরে নম্বরটি বন্ধ করে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, সোনারগাঁর সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকার বেড়িবাঁধের পাশের খালে গতকাল সকালে বস্তাবন্দী একটি লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে স্কুলছাত্র জাহিদুলের বাবা রহমত আলী ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। বস্তার পাশ থেকে একটি মুঠোফোন, একটি প্যান্ট ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাকিনের মা সুমি বেগমের কাছে গতকাল সকালে আবারও ফোন করে অপহরণকারীরা। তারা জানায়, পুলিশকে না জানিয়ে ১০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় শাকিনের পরিণামও জাহিদুলের মতোই হবে।
বিকেলে সনমান্দি গ্রামে জাহিদুলদের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই গ্রাম ও আশপাশের শত শত মানুষ ভিড় জমিয়েছে। বাড়িতে চলছে শোকের মাতম। জাহিদুলের মা ও বাবা অনবরত কান্নাকাটি করছেন।
জাহিদুলের বাবা রহমত আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসা করেন। চার সন্তানের মধ্যে জাহিদুল তৃতীয়। সে মেধাবী হওয়ায় তাকে ডাক্তারি পড়ানোর স্বপ্ন ছিল তাঁর।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপহরণকারীদের দু-এক দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে।
এদিকে কাঁচপুরে সোমবার এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও ছাত্রীটির পরিবার জানায়, স্থানীয় সিনহা স্কুল অ্যান্ড কলেজের ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের সোহেল মিয়া (২৫), বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের খোরশেদ আলমসহ (৩৫) চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ খোরশেদ আলমকে গতকাল সকালে গ্রেপ্তার করেছে।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, অপহূত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
ক্রিকেট খেলার কথা বলে অপহরণ: কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাদ। তাকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী শামিমুল আহমেদ সাগরকে (১৬) আটক করে পুলিশ। শামিমুল পুলিশের কাছে সাদকে অপহরণ ও হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। শামিমুলের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুর্গম ধরলা নদীর চর কুড়ুল থেকে সাদের লাশ উদ্ধার করে। হত্যার পর সাদের লাশ সেখানে বালু চাপা দিয়ে রাখা হয়েছিল।
শামিমুলের স্বীকারোক্তির বরাত দিয়ে লালমনিরহাট ও কুড়িগ্রামের পুলিশ জানায়, গত শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট চরে ক্রিকেট খেলার কথা বলে সাদকে কৌশলে কুড়িগ্রাম থেকে লালমনিরহাট বাস টার্মিনালে নিয়ে আসে অপহরণকারীরা। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সীমান্তবর্তী লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীর তীরে চর কুড়ুলে। এদিন সন্ধ্যায় সাদকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ চরের বালুর নিচে পুঁতে রাখা হয়।
সাদের বাবা কুড়িগ্রাম শহরের ইমরান মোটর শোরুমের মালিক এরশাদুল হক জানান, শামিমুল তাঁর কুড়িগ্রাম শহরের হাসপাতাল পাড়ার বাসার ভাড়াটে। এই সম্পর্কের সুযোগে সে তাঁর ছেলেকে ক্রিকেট খেলার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, অপহরণের পর তাঁর কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়। সোমবার রাত ১০টায় লালমনিরহাট পৌরসভার মাটিয়া মসজিদ এলাকার একটি ব্রিজের কাছে মুখোশধারী দুই ব্যক্তিকে মুক্তিপণের দুই লাখ ৩০ হাজার টাকা দেন।
কান্নাজড়িত কণ্ঠে এরশাদুল হক বলেন, ‘ওরা মুক্তিপণের টাকা নিয়েও আমার ছেলেকে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই।’
কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান জানান, ছেলে অপহরণের ঘটনায় সাদের বাবা গতকাল সকালে মামলা করেছিলেন। লাশ উদ্ধারের পর মামলাটি হত্যা মামলায় পরিণত হয়েছে।