মুক্তিপণের দাবিতে সন্দ্বীপের উড়িরচরে পাঁচজন অপহূত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচর এলাকায় নিজ নিজ বাড়ি থেকে পাঁচ ব্যক্তিকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সকালে তাঁদের অপহরণ করা হয়।অপহূত ব্যক্তিরা হলেন: আবুল বাশার, মো. জসীম, শাহনু মাঝি, শামসুদ্দিন ও তাঁর ছেলে মামুন। এর মধ্যে শামসুদ্দিন মুদিদোকানি। অন্য তিনজন কৃষিকাজ ও গবাদিপশু লালনপালনের কাজে জড়িত। তবে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা তিনজনকে অপহরণের অভিযোগ পেয়েছি। উড়িরচরে অভিযান চালানোর মতো সরঞ্জাম পুলিশের হাতে নেই। এ কারণে কোস্টগার্ডকে অভিযান চালানোর জন্য বলা হয়েছে।’ অপহূত আবুল বাশারের ছেলে মো. রিপন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ১৫ জনের মতো সশস্ত্র সন্ত্রাসী তাঁর বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা দুই লাখ টাকা দাবি করে। কিন্তু তাঁদের পক্ষে দুই লাখ টাকা পরিশোধ করা সম্ভব না হওয়ায় তাঁর বাবাকে অপহরণ করে সন্ত্রাসীরা।অপহূত শামসু সওদাগরের ছেলে মো. কাওসার প্রথম আলোকে বলেন, সকালে সাত-আটজন সন্ত্রাসী বাড়ি থেকে বাবাকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা দুই লাখ টাকা মুক্তিপণ না দিলে তাঁর বাবা ও ভাইকে ছাড়া হবে না বলে জানিয়ে দেয়। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁর বাবা ও ভাইয়ের খবর পাননি বলে তিনি জানান। স্থানীয় সূত্র জানায়, উড়িরচরের শাহাদাত হোসেন জাসু ও ইব্রাহিম মাঝির নেতৃত্বে সন্ত্রাসীরা এই অপহরণ করেছে। গতকাল সকালে অপহরণের বিষয়টি মুঠোফোনে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেন অপহূত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।