মুক্তিপণের দাবিতে সুন্দরবনে চার জেলেকে অপহরণ
দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত শনিবার সন্ধ্যার দিকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সোনাখালী খাল থেকে তাঁদের অপহরণ করে। অপহূত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আবদুল আলিম (২৮), মিন্টু গাজী (৩২), বুড়িগোয়ালিনী গ্রামের শাহাজান আলী (৩৫) ও আবুল কালাম (২৫)।মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলে আব্দুর রহিম ও কেশব হালদার জানান, আবদুল আলিম ও শাহাজান আলী সহযোগী চার জেলেকে নিয়ে শুক্রবার সুন্দরবনে যান। শবিবার তাঁরা সুন্দরবনের সোনাখালী খালে মাছ ধরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাঙ্গীর বাহিনীর সশস্ত্র সদস্যরা ইঞ্জিনচালিত নৌযানযেগে সেখানে পৌঁছায়। জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সেখানে অবস্থানরত ৪০-৫০টি নৌকার জেলেদের কাছে নিজেদের টোকেন রয়েছে কি না, দেখাতে বলে। দুটি নৌকার জেলেরা টোকেন দেখাতে না পারলে আবদুল আলিম ও শাহাজান আলীকে বনদস্যুরা উঠিয়ে নেয়। এ সময় অপহূতদের মুক্তিপণ বাবদ তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে এক লাখ টাকা দাবি করে বনদস্যুরা। তাঁরা আরও জানান, একই সময় সোনাখালী এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনী নদীতে মাছ ধরার সময় মিন্টু গাজী ও আবুল কালামকে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে। দাবিকৃত টাকা আগামী মঙ্গলবারে মধ্যে পরিশোধ না করলে অপহূত চারজনকে জবাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বনদস্যুরা। এদিকে গত সোমবার জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহূত ডুমুরিয়া গ্রামের মনু সরদার (২৮), আলাউদ্দীন গাজী (১৭) ও ৯ নম্বর সোরা গ্রামের ছেলে বাবু শেখ (১৫) মুক্তিপণ দিয়ে এলাকায় ফিরেছে। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাসান কবীর জানান, সাধারণত জেলেরা অপহূত হওয়ার পর টাকা দিয়ে মুক্তি পাওয়ার পর তাঁদের জানায়। আগে থেকে তাঁরা জানতে পারেন না। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, জেলে অপহূত হলে তারা পুলিশকে না জানিয়ে নিজেরা বিষয়টি মিটিয়ে ফেলে।