মুক্তিপণের দাবিতে ১৪ জেলেকে জিম্মি
সাত লাখ টাকা মুক্তিপণের দাবিতে পশ্চিম সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যাওয়া ১৪ জেলেকে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা আটক করে রেখেছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাঁরা সবাই উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা এলাকার বাসিন্দা বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সুন্দরবন থেকে ফিরে আসা শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের রবিউল ইসলাম ও তাঁর এক সহযোগী জানান, তাঁরা ১৬ জন গত মঙ্গলবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে পাস (অনুমতি) নিয়ে কাঁকড়া ধরতে যান। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আংরাকর্না বালির ঝাকিতে অবস্থানকালে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে আটটি ডিঙিনৌকাসহ তাঁদের আটক করে মুক্তিপণ বাবদ মাথাপিছু ৫০ হাজার টাকা দাবি করে। এ সময় বনদস্যুরা আটক ব্যক্তিদের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য তাঁদের দুজনকে একটি নৌকা নিয়ে লোকালয়ে ফিরে আসার সুযোগ দেয়। মুক্তিপণের টাকা সাত দিনের মধ্যে সুন্দরবনের আঙ্গুলঝাড়া এলাকায় পৌঁছে দিতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, আটক জেলেদের পরিবারের পক্ষ থেকে কয়েকজন টাকা সংগ্রহ করে সুন্দরবনে নির্ধারিত স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, জেলে অপহরণ কিংবা আটকের বিষয়ে তাঁদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। ভয়ে অধিকাংশ ক্ষেত্রে জেলেরা কাউকে জানান না। তাঁরা গোপনে মীমাংসা করে নেন। যে কারণে সুন্দরবন থেকে জেলেরা ফিরে আসার পর ঘটনা জানা যায়।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, থানায় কেউ অভিযোগ করেনি। তিনি বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।