মুক্তিপণের দাবিতে ১৫ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গাংরাইন এলাকা থেকে বুধবার গভীর রাতে মুক্তিপণের দাবিতে ১৫ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এ ছাড়া দস্যুরা ৩০টি ট্রলারে ডাকাতি করে বিপুল পরিমাণ মাছ ও মালামাল লুট করে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলে-মহাজন সূত্র জানায়, বুধবার গভীর রাতে মংলা থেকে ১২৭ কিলোমিটার দূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গাংরাইন এলাকায় জেলেরা মাছ ধরার সময় জলদস্যুরা তাঁদের ওপর হামলা ও লুটপাট চালায়। এ সময় দস্যুরা জনপ্রতি দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া ৩০টি ট্রলারে ডাকাতি চালিয়ে বিপুল পরিমাণ মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয়।দস্যুদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মুক্তিপণ না দিলে জেলেদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান জেলে ও মহাজনেরা। অপহূত জেলেদের বাড়ি পিরোজপুরের পারেরহাট, বাগেরহাটের রায়েন্দা, তাফালবাড়িয়া, পাথরঘাটা ও মহিপুর এলাকায়।মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার হাসানুজ্জামান বলেন, অপহূত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের জাহাজ সিজিএস তামজিদ ওই এলাকায় অভিযান শুরু করেছে।