মুক্তিপণের দাবিতে ৪০ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন চালনা বয়ার কাছে জেলেবহরে গত রোববার গভীর রাতে জলদস্যুরা হামলা চালিয়ে মুক্তিপণের দাবিতে আটটি মাছধরা ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করেছে। গতকাল মঙ্গলবার সকালে একটি ট্রলারের জেলেরা পাথরঘাটায় ফিরে এ তথ্য জানিয়েছেন।জেলেরা জানান, রোববার গভীর রাতে মাছ ধরার সময় ভারী অস্ত্র নিয়ে ১৫-২০ জনের একদল জলদস্যু ওই এলাকায় ১৪-১৫টি ট্রলারে হানা দেয়। এ সময় দস্যুরা আটটি ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এর মধ্যে এফবি আল্লার দান নামের একটি ট্রলারসহ তিন জেলের নাম জানা গেছে। অপহূত জেলেরা হলেন, এফবি আল্লার দান ট্রলারের মাঝি আবুল কালাম ওরফে সুরত মিয়া, মিস্ত্রি শাহ আলম ও শাহাদাত হেসেন। এঁদের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। ডাকাতদের হামলায় দেলোয়ার নামের এক জেলেকে গুরুতর আহত অবস্থায় গতকাল সকালে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ফিরে আসা জেলেরা আরও জানান, এফবি আল্লার দান ট্রলারে হামলা চালানোর সময় ওই ট্রলারের আটজন জেলে সাগরে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে আসেন। তাঁদের ট্রলারের তিনজন জেলেকে ধরে নিয়ে যায় দস্যুরা। পরে এফবি স্বর্ণালতা নামের অপর একটি ট্রলারের সাহায্যে ওই আট জেলে গতকাল পাথরঘাটায় ফিরে আসেন। তাঁরা আরও জানান, ডাকাতিকালে আটটি মাছধরা ট্রলারসহ ৪০ জেলেকে অপহরণ করে নিয়ে যেতে দেখেছেন। এ সময় ডাকাতেরা জনপ্রতি এক লাখ টাকাসহ মিনিকেট চাল দুই বস্তা, দুই কার্টন সিগারেট, লবণ, হলুদ, মরিচ ইত্যাদি দাবি করে। তবে এসব ট্রলার ও অপহূত জেলেদের নাম তাঁরা বলতে পারেননি। বরগুনা জেলা ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহূত জেলেদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।