পাবনা কালেক্টরেট পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হাবিবুল্লাহ হাসান (১৪) হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুজন হাবিবুল্লাহর বন্ধু। মুক্তিপণের লোভে তারা হাবিবুল্লাহকে খুন করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ঘটনার পর হাবিবুল্লাহর বাবা মহসিন আলম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তিনজন হলো হাবিবুল্লাহর সহপাঠী ও পাবনা শহরের যোগীপাড়া মহল্লার শেখ কামাল হোসেনের ছেলে ফয়সাল জামান (১৪), সহপাঠী রাধানগর নারায়ণপুর মহল্লার সাইফুর রহমানের ছেলে শামসুজ্জামান (১৪) এবং একই মহল্লার আবদুল হাদি (২১)।
পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় পাবনার প্রধান বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে তারা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার এসআই আবদুস সালাম তিনজনের জবানবন্দির বরাত দিয়ে বলেন, একটি ল্যাপটপ কেনার টাকা জোগাড় করতে হাবিবুল্লাহর দুই বন্ধু মরিয়া হয়ে ওঠে। টাকা জোগাড়ের বুদ্ধি চেয়ে তারা পাড়ার বড় ভাই হাদির সঙ্গে যোগাযোগ করে। হাদি তাদের একজন বড়লোকের ছেলেকে অপহরণের বুদ্ধি দেয়। এরপর তিনজন মিলে হাবিবুল্লাহকে বেড়ানোর কথা বলে লিচুবাগানে নিয়ে আটকায়। কিন্তু সুবিধা করতে না পেরে তারা হাবিবুল্লাহকে শ্বাসরোধে খুন করে।
হাবিবুল্লাহ গত বুধবার বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। বেলা একটার দিকে বন্ধু ফয়সাল জামান মুঠোফোন থেকে হাবিবুল্লাহর মাকে ফোন দিয়ে বাড়ি ফিরতে তাদের দেরি হবে বলে জানায়। এরপর থেকে আর হাবিবুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় পুলিশ জেলা সদরের সিংগা এলাকার একটি লিচুবাগান থেকে ছেলেটির বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।