
মুক্তিযুদ্ধকে বিকৃত কিংবা অস্বীকারকারীদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান ও স্বজনেরা। তাঁরা অবিলম্বে ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ করার দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গতকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সভায় তাঁরা এ দাবি জানান।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এবং শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্যের প্রতিবাদে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
বিকেল তিনটায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে সভা শুরু হয়। সব বক্তাই মুক্তিযুদ্ধের বিকৃতি রুখতে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করার দাবি জানান। সভায় শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া বা গয়েশ্বররা যা বলছেন, সেগুলো গভীর ষড়যন্ত্রের অংশ। এর সঙ্গে পাকিস্তান জড়িত। এদের সমূলে ধ্বংস করতে হবে। ভবিষ্যতে যেন কেউ এভাবে মুক্তিযুদ্ধকে বিকৃত করতে না পারে, সে জন্য আইন করতে হবে। যারা এত দিন এই অপরাধ করেছে তাদেরও বিচার করতে হবে।’
মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমরা এমন একটি দেশ স্বাধীন করেছি যেখানে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক হয়। বুদ্ধিজীবীদের নিয়ে অপমানসূচক কথা বলা হয়। অথচ আন্তর্জাতিক সব গণমাধ্যম ১৯৭১ সালের ডিসেম্বরেই বলেছিল নিহতের সংখ্যা ৩০ লাখ। এগুলো তাঁরাই বলেন, যাঁরা যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছিলেন।
শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহ ঠাকুরতার মেয়ে মেঘনা গুহ ঠাকুরতা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে। ১৯৫ জন পাকিস্তানির বিচার করার কথা চলছে। কাজেই এখন মুক্তিযুদ্ধকে বিকৃত করে অনেক কথাই শুনব। দেশি-বিদেশি এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে।’
শহীদ আলিম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী বলেন, খালেদা জিয়া যে এমন কথা বলবেন, সেটাই তো স্বাভাবিক। এভাবেই তাঁদের স্বরূপ প্রকাশিত হচ্ছে। শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর বলেন, মুক্তিযুদ্ধকে যারা বিকৃত করে রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদের বিচার করা উচিত।
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহিদ রেজা নূর বলেন, স্কুল-মাদ্রাসা-ইংরেজি মাধ্যমসহ সব জায়গায় মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে হবে।
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা সবাই মিলে এই ষড়যন্ত্র রুখতে হবে।
শহীদ জহির রায়হানের ছেলে অনল রায়হান বলেন, সময় এসেছে এদের সব জায়গায় বর্জন করার। শহীদ রাশিদুল হাসানের মেয়ে রোকাইয়া হাসিনা বলেন, ‘শহীদের সন্তান হিসেবে আমি গর্বিত। আর ঘৃণা হয় তাদের জন্য, যারা শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করে।’
শহীদ মুনীর চৌধুরীর পুত্রবধূ মঞ্জুলি কাজী বলেন, যে গয়েশ্বর আজকে বুদ্ধিজীবীদের অবমাননা করছেন, একাত্তরে তিনি কোথায় ছিলেন? দেশে এমন আইন করা হোক, আর কেউ যেন এভাবে কটূক্তি করতে না পারে।
প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের কনিষ্ঠ সন্তান তৌহিদ রেজা নূর।