মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইনের দাবি শহীদের সন্তানদের

খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়সহ যাঁরাই মুক্তিযুদ্ধকে বিকৃত কিংবা অস্বীকার করেন, তাঁদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানেরা। এ জন্য ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ করার দাবি জানিয়েছেন তাঁরা। আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে তাঁরা এই দাবি জানান।
‘অবিলম্বে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করতে হবে’ ব্যানারে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এই অনুষ্ঠানের আয়োজন করে। বেলা তিনটায় মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণ করে সভা শুরু হয়। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা ছাড়াও কয়েক শ তরুণ এতে অংশ নেন।
‘শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার সংশয় কেন, জবাব চাই’, ‘গয়েশ্বর গংদের শাস্তি চাই’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক’, ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন হোক’—এমন সব ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে ছিলেন।
শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া বা গয়েশ্বরেরা যা বলছেন, সেগুলো গভীর ষড়যন্ত্রের অংশ। এর সঙ্গে পাকিস্তান জড়িত। এদের সমূলে ধ্বংস করতে হবে। ভবিষ্যতে যেন কেউ এভাবে মুক্তিযুদ্ধকে বিকৃত করতে না পারে, সে জন্য আইন করতে হবে। তবে যারা এত দিন এই অপরাধ করেছে তাদেরও বিচার করতে হবে।’
মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমরা এমন একটি দেশ স্বাধীন করেছি যেখানে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক হয়। বুদ্ধিজীবীদের নিয়ে অপমানসূচক কথা বলা হয়। অথচ আন্তর্জাতিক সব গণমাধ্যম ১৯৭১ সালের ডিসেম্বরেই বলেছিল নিহতের সংখ্যা ৩০ লাখ। এগুলো তারাই বলে, যারা যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছিল।’
শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘একের পর এক যুদ্ধাপরাধীর বিচার চলছে। ১৯৫ জন পাকিস্তানির বিচার করার কথা চলছে। কাজেই এখন আমরা মুক্তিযুদ্ধকে বিকৃত করে অনেক কথাই শুনব। দেশি-বিদেশি এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে।’
শহীদ আলিম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া যে এমন কথা বলবেন, সেটাই তো স্বাভাবিক। এভাবে তাঁদের স্বরূপ প্রকাশিত হচ্ছে। ১৬ ডিসেম্বর পাক বাহিনীর পরাজয় যারা মানতে পারেনি, তারাই ইতিহাস বিকৃত করে চলছে। এই সব কুলাঙ্গারদের বিচারের সময় এসেছে।’
শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর বলেন, ‘আজ বুদ্ধিজীবীদের অবমাননা করা হচ্ছে। অথচ শহীদ বুদ্ধিজীবীদের লড়াই শুরু হয়েছিল সেই ’৫২ থেকেই। মুক্তিযুদ্ধকে যারা বিকৃত করে, তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করা উচিত।’
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীনের ছেলে জাহীদ রেজা নূর বলেন, ‘স্কুল, মাদ্রাসা, ইংরেজি মাধ্যম—সব জায়গায় মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে হবে।’
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, ‘তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতেই এগুলো বলা হচ্ছে। স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখতে হবে।’
শহীদ জহির রায়হানের ছেলে অনল রায়হান বলেন, ‘খালেদা জিয়া বা গয়েশ্বরেরা যা বলছেন, তাতে বিস্মিত হইনি। ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া বিএনপি রাজাকারদের সুরে কথা বলবে, এটাই স্বাভাবিক। সময় এসেছে এদের সব জায়গায় বর্জন করার।’
শহীদ রাশিদুল হাসানের মেয়ে রোকাইয়া হাসিনা বলেন, ‘শহীদের সন্তান হিসেবে আমি গর্বিত। আর ঘৃণা হয় তাদের জন্য যারা শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করে, বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করে।’
প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছোট ছেলে তৌহিদ রেজা নূর। অনুষ্ঠানের সব বক্তাই মুক্তিযুদ্ধের বিকৃতি রুখতে মুক্তিযুদ্ধ অস্বীকার আইন করার দাবি জানান।