মুক্তিযুদ্ধ আমার জীবনের শ্রেষ্ঠ সময়: লেভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি সাংবাদিক বার্নার্ড হেনরি লেভি বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তাঁর জীবনের গৌরবোজ্জ্বল শ্রেষ্ঠ সময়।
ঢাকা সফররত হেনরি লেভি গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের।
শাকিল বলেন, ১৯৭১ সালে বিশিষ্ট ফরাসি ঔপন্যাসিক আঁদ্রে মালরোর আহ্বানে পশ্চিমা বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্রিগেডের একজন সদস্য হিসেবে লেভি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু লেভিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি দেন। বাংলাদেশের অভ্যুদ্বয়ের ওপর লেভির লেখা লেস ইনডিজ রুজস বইটি এ বছর বাংলায় প্রকাশিত হয়েছে।
লেভি বলেন, বাংলাদেশ অতীতে একটি উপনিবেশ ছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে একে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত করেন, যা বিশ্বে নজিরবিহীন।