
১৯৭১ সালের অপারেশন জ্যাকপট এই চট্টগ্রামেরই গৌরব। চট্টগ্রামবাসীর অবদান। মানুষের জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না। মুক্তিযুদ্ধ একবারই আসে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অপারেশন জ্যাকপটের নেতৃত্ব দেওয়া নৌ-কমান্ডার এ ডব্লিউ চৌধুরী (আবদুল ওয়াহেদ চৌধুরী)।
বীর উত্তম ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার এত বছর পর এসে অপারেশন জ্যাকপট অভিযানের গল্প বলতে পারাই তাঁর জীবনের সেরা পুরস্কার।
১৯৭১ সালের ১৫-১৬ আগস্ট মুক্তিবাহিনীর প্রশিক্ষণ পাওয়া নৌ-কমান্ডোরা পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) সমুদ্রবন্দর ও প্রধান প্রধান নদীবন্দরে একযোগে যে অপারেশন করেন, সেটিই ‘অপারেশন জ্যাকপট’ নামে খ্যাত।
এ ডব্লিউ চৌধুরী বলেন, ‘ওই অপারেশনের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরকে আমরা অচল করে দিয়েছিলাম। সেই যে পাকিস্তানিদের মেরুদণ্ড ভাঙল, তারা আর দাঁড়াতে পারেনি।’ তিনি বলেন, ‘একাত্তরে আমি পাকিস্তান নৌবাহিনীর সদস্য হিসেবে ফ্রান্সে সাবমেরিন বিভাগে কাজ করতাম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে আটজনকে নিয়ে সেখান থেকে বের হলাম। পালিয়ে আসার সময় ধরা পড়লাম জেনেভাতে। ফিরে এলাম লিও। সেখান থেকে বার্সেলোনা হয়ে মাদ্রিদে ভারতীয় দূতাবাসে যাই ১০ এপ্রিল। রাজনৈতিক আশ্রয় পেলাম। তারপর ভারতে আসার পথে পাকিস্তানিরা আমাদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল।’
অপারেশন জ্যাকপট অভিযান শুরুর বর্ণনা দিয়ে এ ডব্লিউ চৌধুরী বলেন, শুরুতে পালিয়ে আসা আট কমান্ডোকে দিয়ে অভিযানের পরিকল্পনা করা হলেও পরবর্তী সময়ে প্রশিক্ষণের মাধ্যমে আরও নৌ-কমান্ডো তৈরির সিদ্ধান্ত হয়। আগরতলায় অবস্থানকালে তাঁদের অপারেশন জ্যাকপটের সময় নির্ধারণ বিষয়ে দুটি গান বাজানোর কথা জানানো হয়। আগরতলায় তাঁকে ও ডেপুটি লিডার শাহ আলমকে দুটি ট্রানজিস্টর দেওয়া হয়। তিনি বলেন, ‘১৩ আগস্ট চট্টগ্রাম শহরে এলাম। ওই দিন বিকেলে শুনলাম প্রথম গান। ১৪ তারিখ শুনলাম “আমার পুতুল আজকে যাবে শ্বশুরবাড়ি” গানটি। তখন রাত ১২টা থেকে ১টার মধ্যে মাইন জাহাজে লাগাতেই হবে।’
এ ডব্লিউ চৌধুরী বলেন, ‘আমার দেহরক্ষী খুরশিদকে সেদিন নিজের বন্দুক দিয়ে রেখেছিলাম। বলেছিলাম ধরা পড়লে আমাকে গুলি করতে। পাকিস্তানিদের হাতে ধরা পড়তে চাই না—এটা লজ্জার।’ সেই রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘তুমুল বৃষ্টি ছিল। ১১টা জাহাজ টার্গেট করে জেলের বেশে ৪০ জন অবস্থান নেয়। তাদের মধ্যে ৩৩ জন জাহাজ ডোবাবে। আমার সঙ্গে ছিল বিধান ও সত্যেন। ঠিক ১২টা বাজার ৫ মিনিট আগে রওনা দিই। পানির ৬ ফুট নিচে জাহাজের গায়ে মাইন লাগিয়ে ১৫ মিনিটের মধ্যে ফিরে এলাম। সেখান থেকে পালিয়ে সারা রাত কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে কোনো এক বাড়ির গোয়ালঘরে ছিলাম। সকালে খবর পাই ১১টা জাহাজের মধ্যে ৯টা ডুবে গেছে।’
প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। তাঁরা মানুষের কাছে দেশকে তুলে ধরছেন।
রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে মেয়র বলেন, ‘আমাদের আত্মসমালোচনা করতে হবে। এখন চার ঘণ্টার কোনো সভায় দুই ঘণ্টাই চলে যায় অতিথিদের তেল মারতে। নামের আগে বিশেষণ দিতে দিতে। তাঁদের ধারণা, প্রধান অতিথি খুশি হলেই লক্ষ্য পূরণ হবে।’ তিনি বলেন, এখন সাধারণ মানুষ বক্তৃতা শুনতে আসেন না। সভার পাশ দিয়ে চলে যান। তাঁদের ধারণা, বক্তৃতা শোনা মানে সময় নষ্ট করা।
প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, নির্বাহী সদস্য শহীদ উল আলম প্রমুখ। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।