মুক্তিযুদ্ধ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে: আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সংকট হচ্ছে মূল্যবোধের সংকট। যে বিশ্বাস নিয়ে আর যে আদর্শকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, কয়েক দশকেও তা প্রতিষ্ঠিত হয়নি। মুক্তিযুদ্ধ এখনো তাই অসম্পূর্ণ রয়ে গেছে।’
আজ মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘যতক্ষণ না আমরা মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে পারব, ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধ সম্পূর্ণ হবে না।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কয়েক দশকে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধপক্ষ, পরাজিত শক্তি নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতি পদে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।’
তরুণ প্রজন্ম ও নারী সমাজের প্রতি আশা প্রকাশ করে আনিসুজ্জামান বলেন, ‘একদিকে তরুণেরা, অন্যদিকে বাংলাদেশের নারী সমাজ গড়ে তুলবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। সে বাংলাদেশের স্বপ্ন শেষ পর্যন্ত দেখব।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক আনিসুজ্জামানকে ভাষাসৈনিক হিসেবে স্বর্ণপদক এবং পদ্মভূষণ পুরস্কার পাওয়ার জন্য প্রতীকী পদ্মফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, আনিসুজ্জামানের সহধর্মিণী সিদ্দিকা জামান প্রমুখ।