লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব স্মরণে রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন বাংলাদেশের বন্ধু, মুক্তিযুদ্ধের বন্ধু, মুক্তিযোদ্ধাদের বন্ধু। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন এখানকার মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।
গতকাল বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এই সভার আয়োজন করা হয়। জেনারেল জ্যাকব ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ ছিলেন। একাত্তরে ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণে তিনি মূল ভূমিকা পালন করেন। এ বছরের ১৩ জানুয়ারি তিনি মারা যান। তাঁর স্মরণে এই সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
সভায় মুক্তিযোদ্ধা নুরুন নবী খান বীর বিক্রম বলেন, ‘আমি জেনারেল ওসমানীর এডিসি ছিলাম। তাঁর সঙ্গে অনেকবারই জেনারেল জ্যাকবের বৈঠক হয়েছে। একদিন ওসমানী সাহেব আমাকে বলেন জেনারেল জ্যাকব গেরিলা যুদ্ধের কথা বলছেন। একজন সমরনায়ক হিসেবে তিনি বুঝেছিলেন, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলাযুদ্ধ হবে ভালো পন্থা।’ তিনি বলেন, জেনারেল জ্যাকব মুক্তিযোদ্ধাদের ভালোবাসতেন। মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন যৌথ অভিযান শুরু হলো তখন যে সমরকৌশল নেওয়া হয় তাতে তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা দিয়ে বলেছিলেন, যৌথ বাহিনী মুক্তিযোদ্ধাদের সহায়তা করবে। জেনারেল জ্যাকব তাঁর বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেন। বাংলাদেশ যত দিন থাকবে তত দিন জ্যাকব থাকবেন মানুষের মনে।
মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক এ এস এম শামসুল আরেফিন বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন জ্যাকব। তিনি যেভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ধারণ করতেন সেটি ছিল অতুলনীয়। মৃত্যুর আগপর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা তাঁর সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন এমনটা হয়নি।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের মিলিটারি অ্যাটাশে জে নন্দা বলেন, জ্যাকব ছিলেন খুব সাহসী সেনা কর্মকর্তা। তিনি পরিকল্পনা করে সেটি বাস্তবায়নে সর্বোচ্চ ঝুঁকি নিতে পারতেন। এমন সাহসী সেনার কখনো মৃত্যু হয় না। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অবশ্যম্ভাবী ছিল। তবে ভারতীয় বাহিনী না থাকলে নয়
মাসে বাংলাদেশ স্বাধীন হতো না। আর একাত্তরের ডিসেম্বরে আন্তর্জাতিক যেসব ঘটনা ঘটেছিল, তাতে ডিসেম্বরে স্বাধীনতাটা
জরুরি ছিল। জেনারেল জ্যাকব সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন।