মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দলিল সংরক্ষণ ও ব্যবস্থাপনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের আর্কাইভ বিশেষজ্ঞ হেলেন ফোর্ড বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানবতাবিরোধী অপরাধের বিচারসহ ঐতিহাসিক ঘটনাগুলোর তথ্য জানার অধিকার সাধারণ মানুষের আছে। এগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। এ জন্য বাংলাদেশ জাতিসংঘের সহায়তা চাইতে পারে।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে যুক্তরাজ্যের জাতীয় আর্কাইভের সাবেক প্রধান হেলেন ফোর্ড এ কথা বলেন। হেলেন ফোর্ড মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দিতে সম্প্রতি ঢাকায় এসেছেন। তিনি সিয়েরা লিওনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আর্কাইভ গঠনে নেতৃত্ব দেন।
আর্কাইভ বা মহাফেজখানা ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য উপস্থাপনার সময় হেলেন ফোর্ড বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাই এ দেশের জন্য মুক্তিযুদ্ধের দলিলপত্র ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দলিলগুলোর সংরক্ষণ খুবই জরুরি। পাশাপাশি এসব দলিলপত্র সাধারণ মানুষের নাগালে রাখার বিষয়টি মাথায় রাখতে হবে। তবে নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে সংরক্ষণ, ক্যাটালগিং ও রেকর্ড ব্যবস্থাপনা করা উচিত। তিনি এসব দলিলপত্র ডিজিটাল মাধ্যমেও সংরক্ষণের পরামর্শ দেন।
সিয়েরা লিওনে মানবতাবিরোধী অপরাধে চার্লস টেইলরের বিচারের রেকর্ড ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন হেলেন। ১৯৯১ সালে সিয়েরা লিওনে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধে চার্লস টেইলরের ন্যাশনাল পেট্রিওটিক ফ্রন্ট অব লাইবেরিয়া (এনপিএফএল) সিয়েরা লিওনের রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টকে (আরইউএফ) সহায়তা করেছিল। সিয়েরা লিওনের তৎকালীন প্রেসিডেন্ট যোশেফ মমকে ক্ষমতাচ্যুত করাই ছিল আরইউএফের লক্ষ্য। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত ১১ বছর স্থায়ী এই গৃহযুদ্ধে ৫০ হাজার মানুষ মারা যায়। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের বিরুদ্ধে ১৭টি অভিযোগ গঠন করা হয়েছিল।
হেলেন বলেন, চার্লস টেইলরের বিচারের সময় সিয়েরা লিওনে যুদ্ধাপরাধের সব তথ্য, প্রমাণ, বিচারের নথি সংরক্ষণের জন্য আর্কাইভ-ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ ক্ষেত্রে জাতিসংঘ সহায়তা করেছে। তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা অনেক ব্যয়বহুল হতে পারে। নথি সংরক্ষণে বাংলাদেশও জাতিসংঘের সহায়তা চাইতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে জানানো হয়, হেলেন ফোর্ড মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে ১০ হাজার টাকা প্রতীকী অনুদান দেন।