মুক্তিযুদ্ধ ছিল সারা বিশ্বের যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, ভারত ও সোভিয়েত ইউনিয়নের মতো কিছু দেশের সমর্থন ও সাহায্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সফল করে তুলেছিল। সেই অর্থে মুক্তিযুদ্ধ ছিল সারা বিশ্বের যুদ্ধ। এই আন্তর্জাতিক অবদানের কথা সব সময় স্মরণ রাখা উচিত। গতকাল শুক্রবার বার্থ অব বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কে খন্দকার এ কথা বলেন। একাত্তরের মুক্তিযোদ্ধা নামের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।পরিকল্পনামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নিজ উদ্যোগে একটি চুক্তি করেন। যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করে আলোচনা করতে বললেও ইন্দিরা গান্ধী তা করেননি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা সহায়তা করেছিল, প্রতিবছর সরকার তাদের সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রকাশিত গ্রন্থটি মুক্তিযুদ্ধের দলিল হিসেবে বিবেচিত হতে পারে।বার্থ অব বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট গ্রন্থটি সম্পাদনা করেছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক।অনুষ্ঠানে সেক্টর কমান্ডার সি আর দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান চান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব মনোয়ারুল হক খান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা আবির আহাদ প্রমুখ বক্তব্য দেন।