মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিল গঠনে স্বতঃস্ফূর্ত সাড়া
মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ প্রচেষ্টায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দিনে দিনে সহযোগিতা আরও ব্যাপক হবে। এই জাদুঘর আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবের যথাযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে।
গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তারা এ কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্মাণ তহবিলে অনুদান দেওয়া প্রথম ৭১ জনকে নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৪ সেপ্টেম্বর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণের জন্য অনুদান গ্রহণ অভিযান শুরু হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ১৯৯৬ সালের ২২ মার্চ যখন মুক্তিযুদ্ধ জাদুঘরের কাজ প্রথম শুরু হয়, তখন ভাবা যায়নি যে এই উদ্যোগ এত ব্যাপক ও স্বতঃস্ফূর্ত সমর্থন লাভ করবে। এই সমর্থনবলেই এটি আধুনিক ও ভবিষ্যৎমুখী জাদুঘরের রূপ পাচ্ছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেকজন ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর এ পর্যন্ত ৮৪ কোটি ৫৬ লাখ টাকা অনুদান পেয়েছে। এর মধ্যে সরকার অনুদান দিয়েছে ৩৫ কোটি টাকা।
প্রথম ৭১ জনের মধ্যে উদ্যোক্তা সদস্য মিলিয়া এস আলী দিয়েছেন তিন লাখ টাকা। জীবন সদস্য ডা. কে এম মাকসুদুর রহমান, ডা. আবুল কাশেম ও হাসান জামিল, সৈয়দ রেজাউর রহমান, মমতাজ বেগম, রথীন চক্রবর্তী, লক্ষ্মী চক্রবর্তী ও ডা. মাখদুমা নার্গিস দিয়েছেন এক লাখ টাকা করে।
১০ হাজার টাকা দেওয়া এই তালিকায় আছেন: জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সুপ্রিয় চক্রবর্তী, সাইদা কামাল, সেতারা মুসা, প্রয়াত সাংবাদিক এবিএম মূসা, মাহমুদ আনাম, অসীম কুমার উকিল, নুমান আহম্মদ খান, ফরাছত আলী, শাহজাহান চৌধুরী, জুলফিকার রাসেল, সাংসদ মো. মোতাহার হোসেন, কাঁকন বিবি, আবু সুফিয়ান বিপ্লব, হারুনর রশীদ, নিলুফার আমাতুল মওলা, আবিয়ান নিখিল করিম, পারভীন সুলতানা ঝুমা, শাজাহান ফারুক, ড. তানভীর ফারুক, সব্যসাচী হাজরা, তনুজা ভট্টাচার্য্য, খন্দকার মুস্তাক হায়দার, মো. তোফাজ্জল হোসেন, সৈয়দ তানভীর আহমেদ, মোহাম্মদ কামরুজ্জামান, মো. সামসুল আলম, আবু দাউদ খান, মোহাম্মদ নবী, মো. আবু সাঈদ, মো. মোজাম্মেল হক, মো. আরিফুর রহমান, জাকিউল হাই, ডা. মো. ফজলে এলাহী, আতাউর রহমান, ডা. সাজিদুল ইসলাম, ডা. সুরঞ্জনা জেনিয়ার রহমান, আবু মুসা মো. হাসান, ড. কালিদাস দেবনাথ, গফুর প্রধান, আল ইমাম দুলাল, ডা. মো. সিরাজুল হক, ডা. মো. ফিরোজ মিয়া, ডা. জাফর আহমেদ লতিফ, মহিউদ্দিন আহমেদ, শায়লা জাবীন, আবুল মকসুদ, জেসমিন আকতার, হাস্না হেনা, দিয়া সুদেষ্ণা অমৃতা, ফারহানা রেজা, শ্রাবন্তী নারমীন আলী, ধ্যানেশ আলী, আদনান করিম, ওয়ালিউল ইসলাম, খালেদ আহমেদ, মোকাররম উদ্দিন আহমেদ, মালিহা নার্গিস ও আব্দুল্লাহ-আল-মঞ্জুর। এ ছাড়া এই তালিকায় আছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং তরুণদের সংগঠন আগামীর বাংলাদেশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী।
[এ বিষয়ে গতকাল শনিবার প্রকাশিত প্রতিবেদনে তথ্যগত ত্রুটি থাকার জন্য আমরা দুঃখিত।—বার্তা সম্পাদক]