মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে আর্থিক সহায়তা
মুক্তিযুদ্ধ জাদুঘর গতকাল বুধবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাদুঘরের নতুন ভবন নির্মাণের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান নিয়েছে। অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের পক্ষে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের পরিচালক সাইফুর রহমান ও গ্রুপ ফিন্যান্স ডিরেক্টর আতিকুর রহমান। আগামী তিন বছরে পর্যায়ক্রমে এই অর্থ দেওয়া হবে। এ ছাড়া নিট এশিয়া লিমিটেডের প্রধান নির্বাহী মুক্তিযোদ্ধা মেজর (অব.) আবদুল মতিন চৌধুরী এক কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করেন। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত বাংলাদেশ গড়ার প্রতি ব্যবসায়ী সমাজের সমর্থন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এক লাখ টাকা প্রদান করে জীবন/স্মারণিক সদস্য হলেন প্রয়াত সাহিত্যিক মাহবুব উল আলম চৌধুরীর পক্ষে তাঁর স্ত্রী জওশন আরা রহমান, একাত্তরের শহীদ অধ্যাপক রাশেদুল হাসানের কন্যা রোকাইয়া হাসিনা ও সৈয়দ জহিরুল কবির। ১০ হাজার টাকার অনুদানে প্রতিটি ইট ক্রয়ের আহ্বানে সাড়া দিয়ে সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে জমা দিয়েছে ওয়াইডব্লিউসিএর ছাত্রছাত্রীরা। এ ছাড়া প্রতীকী ইট ক্রয় করেন মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছে সৈয়দ দিদারুল আলম, শওকত আরা আলম, সৈয়দ ইসতিয়াক আলম, জারিয়াত আফরিন আলম, আনারকলি মাহবুব, মনিকা চৌধুরী (চারটি প্রতীকী ইট), মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা, ওয়ালিউর রহমান, মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা, উইথ লিভিং লিজেন্ডস, জোবেদা হক, বারবারা দাশগুপ্ত, নাজমুন নেসা পিয়ারী এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। অনুদান গ্রহণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী প্রথমেই মুক্তিযুদ্ধ জাদুঘরকে জমি বরাদ্দ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান। এরপর তিনি সহায়তা দানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, একই আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যান্য প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ সহায়তার হাত প্রসারিত করে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণকাজ ত্বরান্বিত করবে। জাতীয় রাজস্ব বোর্ড মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদান করা অনুদানের অর্থ আয়করমুক্ত ঘোষণা করেছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রমাণ্যকরণ কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে নগদ অর্থ ও চেক গ্রহণ করেন।