মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে এমজিএইচ গ্রুপের ১ কোটি টাকা অনুদান
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ। গতকাল শনিবার জাদুঘরের অন্যতম ট্রাস্টি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের হাতে কোটি টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ।
দুপুরে সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত চেক প্রদানের ওই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাদুঘরের ট্রাস্টি আলী যাকের, রবিউল হুসাইন, জিয়াউদ্দিন তারিক আলী ও মফিদুল হক।
অনুদান গ্রহণ করে আসাদুজ্জামান নূর বলেন, যাঁরা মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে তাঁরাই মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে। মুক্তিযুদ্ধের স্বপ্নগুলো আহরণ, সংরক্ষণ ও উপস্থাপন করবে মুক্তিযুদ্ধ জাদুঘর।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী জানান, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য শূন্য দশমিক আট দুই একর জমি বরাদ্দ দেয়। ২০০৯ সালের নভেম্বরে উন্মুক্ত নকশা প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক জুরি বোর্ড মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপত্য-নকশা নির্বাচন চূড়ান্ত করে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।