মুক্তিযুদ্ধ জাদুঘর ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু
মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ডিজাইন ওয়ার্কস গ্রুপের সঙ্গে গতকাল সোমবার জাদুঘর কর্তৃপক্ষ চুক্তি সই করেছে। এর মধ্যে দিয়ে জাদুঘরের ভবনের নির্মাণপ্রক্রিয়া শুরু হলো।কর্তৃপক্ষ আশা করছে, ডিসেম্বরে রাজধানীর আগারগাঁওয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হবে।সেগুনবাগিচায় অবস্থিত জাদুঘরের বর্তমান ভবনের মিলনায়তনে এ চুক্তি সই হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মফিদুল হক ও ট্রাস্টি আক্কু চৌধুরী এবং ডিজাইন ওয়ার্কস গ্রুপের পক্ষে তানজিম হাসান ও নাহিদ ফারজানা চুক্তিতে সই করেন।জাদুঘরের নকশা তৈরি করেছেন তানজিম হাসান ও নাহিদ ফারজানা। চুক্তিসই অনুষ্ঠানে তানজিম হাসান বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে আমার জন্ম। তাই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত এ কাজে নিজেকে জড়িত করতে পেরে আমি আনন্দিত।’ তিনি জানান, জাদুঘরের নকশা তৈরিতে মুক্তিযুদ্ধের আবেগ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।মফিদুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের অনেক মানুষই চলে গেছেন। তবে তাঁদের স্মৃতি ধারণ করে আছে জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর জনগণের জাদুঘর। তাই জনগণের সহযোগিতায় নাগরিক উদ্যোগেই এর নির্মাণকাজ হচ্ছে।’ আক্কু চৌধুরী আশা প্রকাশ করেন, আগামী তিন বছরের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর নতুন ভবনে চলে যাবে। তিনি বলেন, এই জাদুঘর একদিনের জন্য নয়। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানানোর কেন্দ্র হিসেবে জাদুঘরকে গড়ে তুলতে হবে। জাদুঘর নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে জাদুঘরের নতুন ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ডিজাইন ওয়ার্কস গ্রুপের কাছে ২৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, রোকাইয়া হাসিনা ও রবিউল হুসাইন উপস্থিত ছিলেন।