মুক্তিযুদ্ধ জাদুঘরে গান কবিতা, নাটক
স্মৃতিচারণা, কবিতা, গান, পথনাটক—এসব নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরা হলো গতকাল বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিনে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী স্বাধীনতা উৎসব চলছে রাজধানীর সেগুনবাগিচায় জাদুঘর প্রাঙ্গণে।
গতকাল উৎসবের দ্বিতীয় দিন স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি রবিউল হুসাইন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ ভূঁইয়া। গল্পের মতো করে তিনি তুলে ধরেন তাঁর মুক্তিযুদ্ধে যোগদান ও কয়েকটি অপারেশনের কথা। শ্রোতাদের বেশির ভাগই ছিল স্কুলের শিক্ষার্থী।
মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা আবৃত্তি করেন কথা আবৃত্তি চর্চাকেন্দ্র ও চারুকণ্ঠের সদস্যরা। একক সংগীত পরিবেশন করেন শ্রাবণী গুহ রায়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাউথব্রিজ স্কুল ও আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বভূমি ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর দলীয় সংগীতের পর ছিল পথনাটক আগুনের জবানবন্দি। আজও থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, কবিতা, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক।