মুক্তিযুদ্ধ জাদুঘরে ব্লাড টেলিগ্রাম হস্তান্তর

একাত্তরে ঢাকায় মার্কিন কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় আর্চার কে ব্লাড পাকিস্তানি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছিলেন। বলা হয়ে থাকে, ব্লাড টেলিগ্রাম হিসেবে পরিচিত তারবার্তা এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো অবস্থানের বিরুদ্ধে মার্কিন কূটনীতিকদের তীব্র প্রতিবাদের উজ্জ্বল দৃষ্টান্ত।
আর্চার ব্লাড তারবার্তায় বলেছিলেন, পাকিস্তানি বাহিনীর গণহত্যার নিন্দা জানাতে মার্কিন সরকার ব্যর্থ হয়েছে। তাঁর এ অবস্থানের কারণে তারবার্তা পাঠানোর কয়েক মাসের মধ্যেই তাঁকে ঢাকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
একাত্তরের ৬ এপ্রিল ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় সই করেছিলেন ২৯ জন মার্কিন নাগরিক। গতকাল রোববার আর্চার কে ব্লাড ও তাঁর সহকর্মীদের সই করা ব্লাড টেলিগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তাঁর কাছ থেকে টেলিগ্রাম গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সারোয়ার আলী, রবিউল হুসাইন, জিয়াউদ্দীন তারিক আলী ও আক্কু চৌধুরী।
ওই অনুষ্ঠানে বার্নিকাট বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর এক পবিত্র স্থান। এটি একাত্তরের আখ্যান ও বাংলাদেশের ইতিহাসের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসী অগণিত মানুষের কাছে এ জাদুঘর এক প্রেরণার উৎস। স্বাধীনতার জন্য আপনারা যুদ্ধ করেছিলেন। আর স্বাধীনতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান।
ওই টেলিগ্রামকে ‘বিশেষ উপহার’ হিসেবে আখ্যায়িত করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তাদের সই করা ১৯৭১-এর বিখ্যাত এই টেলিগ্রাম এক সত্যায়িত উপহার। এই টেলিগ্রামে ওই কর্মকর্তারা বাংলাদেশ প্রশ্নে মার্কিন নীতির বিপক্ষে নিজেদের ভিন্নমত তুলে ধরেছিলেন। বার্নিকাট বলেন, গণতন্ত্র তখনই পুরোপুরি বিকশিত হতে পারে, যখন তা ভিন্নমতের প্রকাশ ও বিরোধীদের অধিকার চর্চার পর্যাপ্ত ও নিরাপদ সুযোগ এবং রাজনৈতিক সংলাপ নিশ্চিত করে।