মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণ শুরু ফেব্রুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দুই থেকে আড়াই বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এরই মধ্যে প্রায় ৩৫ কোটি টাকা অনুদান এসেছে বিভিন্ন মাধ্যম থেকে। উদ্যোক্তারা ১০০ কোটি টাকা পাওয়ার আশা করছেন।গতকাল রোববার সন্ধ্যায় সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুদান গ্রহণ অনুষ্ঠানে জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা এসব কথা জানান। আলোচনাপর্বের পর অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে অনুদানের টাকা ও চেক তুলে দেওয়া হয়। জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা জানান, নতুন ভবন তৈরির জন্য আগারগাঁওয়ে এক একর জমি সরকারের কাছ থেকে বাজারমূল্যে কেনা হয়েছে। জাদুঘরের নকশা ঠিক করতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৭০টি প্রতিষ্ঠান অংশ নেয়। নির্বাচিত নকশা অনুমোদনের জন্য রাজউকে জমা দেওয়া হয়েছে। নকশা অনুমোদনের পর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছে। জাদুঘরের টাকা-পয়সা নিয়ে কোনো অসুবিধা হবে না। তাঁরা যে ভবন বানাতে চাইছেন, সেখানে মুক্তিযুদ্ধের সব চিহ্ন ও স্মৃতি থাকবে।’ নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, গত ৪০ বছরে বাংলাদেশের যতগুলো সুকীর্তি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এটা নাগরিকদের জাদুঘরে পরিণত হয়েছে। স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, এই জাদুঘরের মালিকানা জনগণের। সর্বস্তরের জনগণের সহযোগিতায় এই জাদুঘর নির্মিত হবে। তিনি জানান, এখন পর্যন্ত জাদুঘর ২৩ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ১৩৫ টাকা অনুদান পেয়েছে এবং আরও ১০ কোটি ৯০ লাখ টাকার অনুদানের অঙ্গীকার পেয়েছে।অনুষ্ঠানে অর্থমন্ত্রীর হাতে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান এম শামসুল আলম ৫০ লাখ টাকার চেক তুলে দেন। তিনি বলেন, ‘আজ বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তার কৃতিত্ব মুক্তিযোদ্ধাদের। এই জাদুঘর দেখে পরের প্রজন্ম মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে অনুপ্রাণিত হবে।’ আওয়ামী লীগের সাংসদ রহমত উল্লাহ ১৫ লাখ টাকার চেক দেন এবং আরও ৫০ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘কে কত টাকা দিল, এটা গুরুত্বপূর্ণ নয়। জনগণের কাছ থেকে দুই টাকা, পাঁচ টাকা করে নিয়ে তাঁদেরও এই কর্মযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।’ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, এই জাদুঘরের একটি টাস্টি বোর্ড আছে। তবে সর্বস্তরের জনগণের সহায়তায় এটি নির্মিত হয়েছে। এটাকে তাই তাঁরা নাগরিক প্রতিষ্ঠান বলেন। নানাভাবেই মানুষ এখানে সহযোগিতা করেছে।