মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণ শুরু
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন তৈরিতে প্রয়োজন প্রায় ১০০ কোটি টাকা। এর মধ্যে এ পর্যন্ত জনসাধারণের কাছ থেকে ৩৬ কোটি টাকার সহায়তা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ সঞ্চয় হাতে নিয়েই ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।গতকাল অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সামনে রেখে ভবনটি নির্মাণের কাজ শুরু করে নির্মাণপ্রতিষ্ঠান মীর আখতার অ্যান্ড কোম্পানি। ৩০ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে একাত্তরের গণহত্যার প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং, জাদুঘর নির্মাণ কমিটি ও আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থপতি, প্রকৌশলী, জাদুঘরের ট্রাস্টিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বর্তমানে সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে চলছে এ জাদুঘরের কাজ। পরিসরের স্বল্পতায় জাদুঘরের সংগৃহীত সবকিছু দেখানো যাচ্ছে না। এ কারণে একটি নিজস্ব ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টিদের একজন আক্কু চৌধুরী প্রথম আলোকে বলেন, জাদুঘরের নিজস্ব ভবনটি তৈরি হচ্ছে সর্বসাধারণের সহায়তায়। প্রায় ২ দশমিক ৮ বিঘা জমিতে মাটির নিচে তিন ও মাটির ওপরে পাঁচ তলার ভবনটি করতে প্রায় ১০০ কোটি টাকার প্রয়োজন। এ পর্যন্ত পাওয়া গেছে ৩৬ কোটি টাকা। আক্কু চৌধুরী এ ভবন নির্মাণে সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ভবনটি নির্মাণের জন্য আগারগাঁওয়ে জমি বরাদ্দ দেয়।