মুক্তিযুদ্ধ জাদুঘরের পদযাত্রা
মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে গতকাল রোববার স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়।
‘শোক থেকে শক্তি-অদম্য পদযাত্রা’ শীর্ষক এই কর্মসূচি শুরু হয় ভোর ছয়টায়। এই পদযাত্রায় অংশগ্রহণকারীরা সবাই সবটা পথ হাঁটতে পারেননি। তবে প্রতীকীভাবে অন্তত এক মাইল হেঁটে এই কর্মসূচিতে একাত্ম হয়েছেন অনেকে। মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে তহবিল সংগ্রহ করা ছিল এই পদযাত্রার অন্যতম লক্ষ্য। আগ্রহীরা নাম নিবন্ধন করে পদযাত্রায় অংশ নেন।
আয়োজকেরা জানায়, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো দিয়ে এই পদযাত্রা এগিয়ে গেছে। বিশেষ বিশেষ জায়গায় যাত্রাবিরতি দিয়ে মুক্তিযুদ্ধের সময় সেই স্থানের ঘটনা পদযাত্রায় অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরা হয়। যাত্রা শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এরপর জগন্নাথ হল, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন, কাঁটাবন, সায়েন্স ল্যাব, পিলখানা, মোহাম্মদপুর হয়ে রায়েরবাজার যায় পদযাত্রা। এ সময় জগন্নাথ হলের গণহত্যার স্থান ও রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পদযাত্রা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হয়ে বছিলা সেতু, সাদুল্যাপুর, আকরাইন, কলমা হয়ে এগিয়ে যায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো ছুঁয়ে। সাভার ডেইরি ফার্ম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে শেষ বিকেলে পদযাত্রা জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে।