মুক্তিযুদ্ধ জাদুঘরের পদযাত্রা ২৯ এপ্রিল

নিজস্ব ভবন নির্মাণে তহবিল সংগ্রহের জন্য পদযাত্রার আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ২৯ এপ্রিল সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্মাণাধীন ভবন পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি বলেন, জাদুঘরের ভবন নির্মাণে তহবিলের সংকট দেখা দিয়েছে। সে জন্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। এতে ১০ হাজার লোকের সমাগম ঘটানোর চেষ্টা করা হবে। যে কেউ ১ হাজার টাকা দিয়ে পদযাত্রায় অংশ নিতে পারবেন। তবে শিক্ষার্থীরা ১০০ টাকা দিয়ে অংশ নিতে পারবেন।
তার আগে গত ২৬ মার্চ সেগুনবাগিচা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’তে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মফিদুল হক, সারা যাকের, নিশাত মজুমদার, ঈমাম হোসেন গাজী, প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দলের সদস্য ইদ্রিস আলী, জেসমিন আলী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজেদের অনুভূতির কথা জানান। তাঁরা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ রক্ষায় এবং দেশের মানুষ জীবন রক্ষায় শত শত মাইল পাড়ি দিয়েছিলেন। তাঁদের কেমন কষ্ট হয়েছিল, এই পদযাত্রার মাধ্যমে তাঁরা তা উপলব্ধি করার চেষ্টা করেছেন।