মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা উৎসব শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী স্বাধীনতা উৎসবের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ বুধবার বিকেল পাঁচটায় উৎসবের কার্যক্রম শুরু হবে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। চলবে ২৮ মার্চ পর্যন্ত। এবারের উৎসবের কার্যক্রম চলবে জাদুঘর প্রাঙ্গণের পাশাপাশি মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে। অনুষ্ঠান
শুরু হবে প্রতিদিন বিকেল পাঁচটায়।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে ‘বহুত্ববাদী বাঙালি-সমাজ মুক্তিযুদ্ধ’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক অনুপম সেন। জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নৃত্য, দলীয় আবৃত্তি ও সংগীত, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা ও পথনাটক। কাল বৃহস্পতিবার শুরুতে থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা পরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার তৃতীয় দিন থেকে জাদুঘরের পাশাপাশি মিরপুরে জল্লাদখানা বধ্যভূমিতেও অনুষ্ঠান শুরু হবে। জাদুঘরে শুরুতে থাকবে ‘২৫ মার্চ গণহত্যা দিবস: নবীন গবেষকদের দৃষ্টিতে’ শীর্ষক আলোচনা পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। জল্লাদখানায় অনুষ্ঠান হবে তিন দিন। প্রতিদিন শুরু হবে বিকেল সাড়ে চারটায়। শুরুতে থাকবে জল্লাদখানায় শহীদদের সন্তানদের স্মৃতিচারণা।
শনিবার চতুর্থ দিনের আয়োজনে জাদুঘরে থাকবে শহীদ পরিবারের সন্তানদের স্মৃতিচারণা, সন্ধ্যা সাড়ে ছয়টায় গণহত্যা দিবস ও কালরাত্রি স্মরণে প্রদীপ প্রজ্বালন, প্রামাণ্যচিত্র কবি মেহেরুন্নেসা প্রদর্শনী, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জল্লাদখানায় স্মৃতিচারণা, মোমবাতি প্রজ্বালন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার পঞ্চম দিন স্বাধীনতা দিবসে জাদুঘরে শুরুতে থাকবে জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে যাত্রাপালা গঙ্গা থেকে বুড়িগঙ্গা। জল্লাদখানায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার ষষ্ঠ দিন জাদুঘরে থাকবে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সমাপনী দিনেও থাকবে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা, সংগীত, আবৃত্তি ও পথনাটক।