মুক্তিযুদ্ধ জাদুঘরের 'শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে একদল অভিযাত্রী দেশমাতার মুক্তির অভিপ্রায়ে ‘বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রা’য় হেঁটে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই দৃষ্টান্ত অনুসরণ করে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের লক্ষ্যে বর্তমান প্রজন্মের ‘অভিযাত্রী’ নামের সংগঠন গত তিন বছর ধরে শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে। 

তাদের এই পায়ে হাঁটা কর্মসূচিতে এবার যুক্ত হচ্ছে নবমাত্রা। এবারের পদযাত্রা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে নির্মাণ তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। ‘শোক থেকে শক্তি : অদম্য পদযাত্রা’ স্লোগান ধারণ করে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এই পদযাত্রা। শেষ হবে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে। ৩৬ মাইল দীর্ঘ এই পদযাত্রায় সবাই সবটুকু পথ হাঁটতে না পারলেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকেরা আগারগাঁওয়ে নির্মিতব্য মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণ তহবিলে ন্যূনতম এক হাজার টাকা অনুদান দিয়ে হাঁটতে পারবেন এক মাইল পথ। পদযাত্রায় অংশগ্রহণকারী এক মাইল হাঁটা পদযাত্রীদের মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে স্মারক সনদ প্রদান করা হবে। যে কেউ ৩০০ টাকার শুভেচ্ছা মূল্যে স্মারক পোলো-শার্ট সংগ্রহ করতে পারবেন। পদযাত্রায় অংশ নিতে আগ্রহীরা সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর কার্যালয় অথবা ফেসবুকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে: facebook.com/walkmileforlwm <http://facebook.com/walkmileforlwm> মুঠোফোনে যোগাযোগ করতে হবে ০১৯৮২১০০১৪৫।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর উন্মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, এভারেস্টজয়ী প্রথম নারী পর্বতারোহী নিশাত মজুমদার, অভিযাত্রী সংগঠনের ইনাম আল হক প্রমুখ। সঞ্চালনা করেন আবৃত্তিকার রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযাত্রী পরিচালিত ‘মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল’ শীর্ষক এই পদযাত্রা ২৬ মার্চ ভোর ৬টায় শুরু হবে শহীদ মিনার থেকে। আয়োজন সম্পর্কে মফিদুল হক বলেন ‘এ পদযাত্রার উদ্দেশ্য শুধু অর্থ সংগ্রহ নয়। এই অভিযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর এর মুক্তিযুদ্ধ সময়কে স্মরণ করা। মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সবার অংশীদারত্বের লক্ষ্যেই এ পদযাত্রার আয়োজন ।