মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ ঠেকাতে আইন আসছে
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করলে শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক গত রোববার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য ঠেকাতে আইন করার বিষয়টি নিয়ে সক্রিয় চিন্তাভাবনা চলছে। মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক কটাক্ষের ঘটনায় বিভিন্ন মহল থেকে আইন তৈরির যে দাবি উঠেছে, তা বিবেচনা করে দেখা হচ্ছে। আইন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে।
আইন কমিশন সূত্র জানায়, এ নিয়ে আইনের প্রাথমিক খসড়া প্রায় চূড়ান্ত। আইন কমিশনের চেয়ারম্যান দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে খসড়াটি চূড়ান্ত করে আগামী ফেব্রুয়ারির মধ্যে আইন ও মুক্তিযুদ্ধ–বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে। জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের চলতি অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই আইন করা হবে কি না, তা জানতে চেয়ে প্রশ্ন পাঠিয়েছেন চট্টগ্রাম-৩ আসনের সাংসদ মাহফুজুর রহমান। আইন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই প্রশ্নের জবাব দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে। প্রশ্ন জমা দেওয়ার কথা স্বীকার করে সাংসদ মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে যারা কটাক্ষ করে, তাদের শাস্তি হওয়া উচিত।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি বলেন, ‘আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না। এ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজউদ্দীন আহমেদের আবেদন বিবেচনায় এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দিয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে।
এর কয়েক দিন পর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের ‘নির্বোধ’ বলে আখ্যায়িত করেন। তখন খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধে কঠোর আইন করতেও সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্টজন, মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য, বীরাঙ্গনা ও বিভিন্ন সংগঠন।
নতুন আইন প্রসঙ্গে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি যে একটা বড় অপরাধ, নতুন প্রজন্মসহ অন্যদের মধ্যে সেই বোধ তৈরি করতে এই আইনটি দরকার। তিনি বলেন, আইন কমিশনের সঙ্গে নির্মূল কমিটি এ নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেছে। ২৮ জানুয়ারি আইনমন্ত্রীর সঙ্গে এই আইনসহ কয়েকটি বিষয়ে তাঁদের বৈঠক হবে। তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করা গেলেও স্বাধীনতার ঘোষণা পরিবর্তন করা যায় না। কিন্তু সেই চেষ্টা যারা করবে, তাদের শাস্তি হতেই হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সংবাদ সম্মেলন করে অবিলম্বে ‘ইউরোপের হলোকস্ট ডিনাইয়াল অ্যাক্ট’ অনুসারে ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি জানায়। আইন কমিশন সূত্র জানায়, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, যারা শহীদদের বিরুদ্ধে কথা বলবে, যারা একাত্তরের অত্যাচার-অবিচারকারী, খুনি, গণহত্যাকারীদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৩ ডিসেম্বরের সভায় এ-সংক্রান্ত আইনের খসড়া তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন প্রণয়নে কমিশন সুপারিশ করলে মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে তা আমলে নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলম প্রথম আলোকে বলেন, তাঁদের পাওয়া তথ্য অনুযায়ী বিশ্বের ২০টির মতো দেশে এমন আইন আছে। সেসব আইন সংগ্রহ করা হয়েছে।
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব ও সাংবাদিক হারুন হাবীব প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক আগে থেকে এই আইন করার দাবি জানাচ্ছি এবং এটা যত তাড়াতাড়ি হবে, ততই তা জাতির জন্য মঙ্গল।’
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তির অভিযোগে হাইকোর্টের নির্দেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ করছে না গণমাধ্যম। তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না করার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ৭ জানুয়ারি এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন করছে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।