মুক্তিযুদ্ধ নিয়ে দলীয়করণ চরম পর্যায়ে পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে দলীয়করণ চরম পর্যায়ে পৌঁছেছে। মৃত্যুর পরও মুক্তিযোদ্ধাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সম্মান জানানো যাচ্ছে না।গতকাল বুধবার উইং কমান্ডার হামিদুুল্লাহ খানের নাগরিক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই স্মরণসভার আয়োজন করে।সভায় এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের জীবিত থাকতে সম্মান দেখাতে পারি না।’ আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর মৃত্যুর পর অনেকে বিজ্ঞাপন দিয়ে শোক প্রকাশ করছে, কিন্তু জীবিত থাকতে কোনো খবর ছিল না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু হামিদুল্লাহ খানের মৃত্যুর পর কেউ, এমনকি সেক্টর কমান্ডারস ফোরামেরও কেউ আসেননি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনা ভূলুণ্ঠিত করছে।বিএনপির নেতা হাফিজ উদ্দিন আহমদ বলেন, হামিদুল্লাহ খানের মৃত্যুর পর সংসদ এলাকায় তাঁর জানাজা হয়। তার ১০০ গজের মধ্যে ৩৫০ জন সাংসদ থাকেন। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের। কিন্তু কেউ জানাজায় আসেননি।সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, শমসের মবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক আতাউস সামাদ প্রমুখ আলোচনায় অংশ নেন।