জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় আলোচকেরা বলেছেন, মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে গণমাধ্যম বা কারও নিরপেক্ষতা দেখানোর সুযোগ নেই। যারা নিরপেক্ষতার নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করবে তাদের প্রতিহত করতে হবে।
গতকাল শুক্রবার ‘যুদ্ধাপরাধের বিচার ও গণমাধ্যমের দায়বদ্ধতা’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে গণমাধ্যম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন। তাঁরা বিচার নিয়ে অপপ্রচারকারীদের মুখোশ খুলে দিতে ও যাদের কাছে অপপ্রচার করা হচ্ছে তাদের কাছে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমের কাছে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর গণমাধ্যম-বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সরকার এই বিচার অব্যাহত রাখবে ও সাজা কার্যকর করবে। বিচার না করতে বাধা আসছে। জাতিসংঘের মহাসচিব, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন সাজা কার্যকর না করতে। তিনি বলেন, একাত্তরে যুদ্ধাপরাধীরা পশুর মতো আচরণ করেছে। এই পশুদের বিচার হচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশকে নিয়ে, বিচার নিয়ে যে অপপ্রচার চলছে তার বিরুদ্ধে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। ইকবাল সোবহান চৌধুরী বলেন, ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার বাংলাদেশে শুরু হওয়া উচিত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে নিরপেক্ষতা দেখানোর সুযোগ নেই। এটা যারা দেখাচ্ছে তারা সুকৌশলে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এদের প্রতিহত করা দরকার।
তুরিন আফরোজ বলেন, গণমাধ্যমকে বিশেষ করে সম্প্রচার মাধ্যমকে কেবল প্রতিষ্ঠানের টিআরপি বাড়ানোর জন্য নিরপেক্ষতা দেখাতে ওদের মতের কাউকে অনুষ্ঠানে আনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করার পর তাদের দাফন, জানাজা নিয়ে বড় পরিসরে সংবাদ প্রচার করা হচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা যেতে পারে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। এতে সাংবাদিক আবেদ খান, কুদ্দুস আফ্রাদ ও ইশতিয়াক রেজা, আইনজীবী শ ম রেজাউল করিম, মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষক এম এ হাসান, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বক্তব্য দেন।