মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম ওএসডি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নেওয়ার অভিযোগ ওঠায় তাঁকে ওএসডি করা হয়।
গত ২২ জানুয়ারি প্রথম আলোয় ‘চাকরির শেষ সময়ে “মুক্তিযোদ্ধা সনদ” নেওয়ার হিড়িক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে চাকরির মেয়াদ বাড়াতে বা অন্যান্য সুযোগ নিতে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন এমন কর্মকর্তাদের মধ্যে অন্তত চারজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন সাবেক সচিবের তথ্য ছিল। তাঁরা নিয়ম মেনে সনদ নিয়েছেন কি না, তা দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। চাকরির শেষ সময়ে এসে গত কয়েক মাসে বেশ কয়েকজন সচিবের নাম অন্তর্ভুক্ত করে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশিত হয়। তাঁরা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার। এভাবে সনদ নিয়েছেন চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী ও ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম ও স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞার মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি হয়েছিল একই দিনে, গত ১৭ নভেম্বর। অভিযোগ আছে, মুক্তিযুদ্ধের সময় আবুল কাসেমের বয়স ছিল মাত্র সাড়ে নয় বছর। এই অভিযোগের ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে। কমিটি তাঁকে কয়েকবার ডাকলেও তিনি মুন্সিগঞ্জে যাননি।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও আবুল কাসেমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন।