মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে ওএসডি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নেওয়ার অভিযোগ ওঠায় তাঁকে ওএসডি করা হয়।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গত ২২ জানুয়ারি প্রথম আলোতে চাকরির শেষ সময়ে ‘মুক্তিযোদ্ধা সনদ’ নেওয়ার হিড়িক-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের খবরে জানানো হয়, চাকরির মেয়াদ বাড়াতে বা অন্যান্য সুযোগ নিতে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, এমন কর্মকর্তাদের মধ্যে অন্তত চারজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন সাবেক সচিব রয়েছেন।
গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এসব তথ্য জানা গেছে। এর পর আজ এ সিদ্ধান্ত নেওয়া হলো।