মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পদক পাচ্ছেন ভারতের সাবেক সেনা কর্মকর্তা
মুক্তিযুদ্ধে অনন্য অবদান এবং জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল অশোক তারাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পদক দেওয়া হবে।গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলেও দখলদার বাহিনীর কিছু সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ছেলে শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ধানমন্ডির বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরদিন ১৭ ডিসেম্বর সকালে জীবনের ঝুঁকি নিয়ে ওই বাড়ি থেকে তাঁদের উদ্ধার করেন ভারতীয় সেনাবাহিনীর তৎকালীন মেজর অশোক তারা।মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, অশোক তারা ১৯৯৪ সালে কর্নেল পদে থাকাবস্থায় অবসর নেন। বর্তমানে তিনি উত্তর প্রদেশে সস্ত্রীক বসবাস করছেন।